ঝাড়গ্রামে কৃষক সংগঠন এর আলোচনা সভায় কি বললেন পূর্ণেন্দু বসু
দি নিউজ লায়নঃ শনিবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকায় এক বেসরকারি অতিথি নিবাস এ তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কৃষক ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু ,রাজ্যের ক্ষুদ্র , মাঝারিও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু সহ আরো অনেকে। আলোচনা সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন ওরা ভাঙবে, আমরা গড়বো।তৃণমূল কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে। দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা কে দিল্লিতে কৃষক আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর জন্য পাঠিয়েছিলেন। কৃষকদের দুর্দশার কথা কেন্দ্রের বিজেপি সরকার একবারও চিন্তা করেনি ।তাই কৃষকরা তাদের দাবি-দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লিতে আন্দোলন শুরু করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। যা দেশের আর অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেনি । তাই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছে ।আর সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বিদায় জানিয়ে বাংলা থেকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। তিনি তার ভাষণে আরো বলেন যে ক্ষমতায় আসার আগে কেন্দ্রের বিজেপি সরকার মানুষের আচ্ছে দিন ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে ছিল ।
ক্ষমতায় আসার পর আচ্ছা দিনের স্বপ্ন মানুষ ভুলে গিয়েছে। এখন বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখছেন দেশের সাধারণ মানুষ। যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপি কে দেশ থেকে বিদায় জানানোর জন্য আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান । আলোচনা সভায় দলের কৃষক সংগঠন কে আরো মজবুত করে তোলার জন্য আলোচনা করা হয় ।সেই সঙ্গে কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ভাবে তিনি আলোচনা করেন।

Post a Comment