চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ২
দি নিউজ লায়নঃ অ্যাসবেসটসের ছাউনি ভেঙে দোকান থেকে গয়না ও টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতদের নাম প্রভাস পাত্র ও রাধিকা মালিক। হুগলির সিঙ্গুর থানার দলুইগাছায় প্রভাসের আদি বাড়ি। হুগলির আরামবাগ থানার হরিণখোলায় রাধিকার বাড়ি। তারা বর্তমানে শক্তিগড় থানার উত্তরবাজার এলাকায় থাকে।
পুলিস জানিয়েছে, শক্তিগড় দক্ষিণ বাজারের বাসিন্দা চন্দন কর্মকারের সবজি বাজারের কাছে একটি সোনার দোকান রয়েছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ তিনি দোকান বন্ধ করে পাশেই মামারবাড়িতে খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, দোকান তালাবন্ধ রয়েছে। দোকানের ভিতরে রয়েছে প্রভাস। দোকানের অ্যাসবেসটসের ছাউনি ভেঙে সে ভিতরে ঢুকেছে। চন্দনকে দেখেই পালানোর চেষ্টা করে প্রভাস। স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। তার কাছ থেকে ৪টি সোনার নাকছাবি ও ৫ হাজার টাকা উদ্ধার হয়। এরপর তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করে রাধিকার বিষয়ে জানতে পারে পুলিস। বিভিন্ন জায়গা থেকে চুরি করা সোনার গয়না প্রভাস রাধিকার কাছে জমা রাখে বলে জানা যায়। প্রভাসকে নিয়ে এদিন ভোরে তার বাড়িতে হানা দেয় পুলিস। বাড়ি থেকে কয়েকটি সোনার নাকছাবি ও রুপোর গয়না উদ্ধার হয়। প্রভাসের বিরুদ্ধে নানা সমাজবিরোধী কাজকের্ম জড়িত থাকার অভিযোগ রয়েছে। সিঙ্গুর থানায় তার বিরুদ্ধে চুরি, অস্ত্র আইন ও অন্যান্য ধারায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিস। ধৃতদের কাছ থেকে সোনার গয়না ও টাকা উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ৪ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment