ভারী বৃষ্টিতে ভাসল বাঁকুড়ার ইন্দাস - The News Lion

ভারী বৃষ্টিতে ভাসল বাঁকুড়ার ইন্দাস

 


দি নিউজ লায়নঃ    গতকাল সন্ধ্যে থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে বানভাসি অবস্থা বাঁকুড়ার ইন্দাস ব্লকের একাংশের । মূলত দারকেশ্বরের উপনদী দেবখালের জল উপচে একাধিক জায়গায় প্লাবিত হয়েছে রাস্তা । জল ঢুকেছে একাধিক গ্রামেও । পরিস্থিতি বুঝে প্রশাসনের তরফে মোট ত্রিশটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় সূত্রে জানা গেছে নিম্ন চাপের জেরে গতকাল সন্ধ্যে থেকে ভারী বৃষ্টি শুরু হয় বর্ধমান লাগোয়া বাঁকুড়ার ইন্দাস ব্লকে ।


 ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল দেবখাল দিয়ে বয়ে গিয়ে দারকেশ্বর নদে পড়ে । কিন্তু খুব সময়ের মধ্যে অতি ভারী বৃষ্টিতে দেবখালের জল একসময় বিপদ সীমার অনেকটা উপর দিয়ে বইতে শুরু করে । গতকাল রাতেই দেবখালের জলে তলিয়ে যায় স্থানীয় গোকুলচক ও বেলবান্দি গ্রামের সংযোগকারী পাকা রাস্তা । অন্যদিকে দেবখালের উপর জিনকরা গ্রামের কাছে থাকা একটি কালভার্ট জলের তলায় চলে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় ইন্দাস ও কোতুলপুরের সংযোগকারী রাস্তাতেও । গভীর রাতে দেবখালের জল দু পাড় ছাপিয়ে ঢুকতে শুরু করে খালের পাড়ে থাকা গোকুলচক ও বেলবান্দি গ্রামে । গোকুলচক গ্রামের কোথাও এক কোমর কোথাও আরো একটু বেশি জল জমে যায় ।


 গ্রামের মানুষ জলবন্দী হয়ে পড়েছে খবর পেয়েই উদ্ধার কাজে নামে ইন্দাস থানার পুলিশ । রাতেই দুর্গতদের উদ্ধার করে স্থানীয় শান্তাশ্রম গ্রামের নিরাপদ স্থানে থাকা দুটি স্কুলে নিয়ে যাওয়া হয় । প্রশাসনিক ভাবে জানা গেছে মোট ৩০ টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে । এদিকে গোকুলচক গ্রামের অধিকাংশ কাঁচা বাড়ি দীর্ঘক্ষণ ধরে জলের তলায় থাকায় সেগুলি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । মঙ্গলবার দুপুরের পর থেকে সেভাবে বৃষ্টি না হওয়ায় দেবখালের জল নামতে শুরু করেছে । কিন্তু আকাশে মেঘ থাকায় ফের ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে । স্বাভাবিক ভাবে আতঙ্কের প্রহর গুনছেন দেবখালের আশপাশে থাকা গ্রামগুলির বাসিন্দারা ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.