মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় নৃশংসভাবে কুপিয়ে খুন - The News Lion

মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় নৃশংসভাবে কুপিয়ে খুন

 


দি নিউজ লায়নঃ   মহিলাদের উত্যক্ত করা এবং কুপ্রস্তাবের প্রতিবাদ করায় পরিবারের লোকেদের সামনে  নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাড়ির ছেলেকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন পরিবারের আরও দুই সদস্য । আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। 


বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কেষ্টপুর এলাকায়। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তদন্তে যায় সংশ্লিষ্ট থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। এই ঘটনায় হামলাকারী ধীরাজ মন্ডল, ভবেশ মন্ডল, শ্রীপতি মন্ডল সহ পাঁচ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের  নাম ইন্দ্রজিৎ ঘোষ (২৮)। আহত দুজনের নাম সুব্রত ঘোষ (২৭) এবং কিরণ ঘোষ (৩২)। তাঁরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজের। মৃতের পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন,  ধীরাজ মন্ডল এলাকার মহিলাদের মাঝে মাঝে উত্ত্যক্ত করতেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল ইন্দ্রজিৎ। বৃহস্পতিবার গভীর রাতে হামলার ঘটনার মূল অভিযুক্ত ধীরাজ মন্ডল দলবল নিয়ে ইন্দ্রজিৎ-এর বাড়িতে চড়াও হয়। 


এরপর বাড়ির মহিলাদের প্রকাশ্যে কুপ্রস্তাব দিয়ে শীলতাহানি করে অভিযুক্ত ওই যুবক। সেই সময় ইন্দ্রজিৎ ও তার বাড়ির লোকেরা  প্রতিবাদ করলে ধীরাজ মন্ডল ও তার দলবল হামলা চালায় এবং সেখানেই ইন্দ্রজিৎকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্তরা। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে,  খুনের ঘটনার বিষয়টি নিয়ে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্ত ধীরাজ মন্ডল ও তার দলবলকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চালানো হচ্ছে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.