গাছ লাগানোর আহ্বান হুমায়ুন কবিরের - The News Lion

গাছ লাগানোর আহ্বান হুমায়ুন কবিরের

 


দি নিউজ লায়ন; পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সাধারণ মানুষের মধ্যে বনসৃজনে আগ্রহ বাড়াতে গাছের চারা বিতরণ করবার উদ্যোগ নিল ডেবরা পঞ্চায়েত সমিতি। জুলাই মাস ধরে ডেবরা ব্লকের বিভিন্ন এলাকার চারা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে ডেবরা পঞ্চায়েত সমিতি। রবিবার সকালে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডেবরা বাজার সংলগ্ন এলাকায় এই চারা গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়। 


পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের ব্যবস্থাপনায় এবং বনদপ্তর -এর সহযোগিতায় এদিন পথচলতি সাধারন মানুষ এবং স্থানীয়দের হাতে পাঁচ হাজারেরও বেশি  বিভিন্ন প্রকার গাছের চারা তুলে দেওয়া হয়।  চারা গাছ বিতরণকে কেন্দ্র করে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবির, বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, কৃষি, সেচ ও  সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, ডেবরা থানার ওসি প্রণব পাত্র সহ অন্যান্যরা ।


 ওই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং পৃথিবীর প্রাণীকূলকে বাঁচাতে সারা বছর ধরে বনসৃজন করবার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পৃথিবীর প্রাণীকুল কে বাঁচাতে পারে একমাত্র গাছ। আমরা বিভিন্ন কারণে ও নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভেবে অনেক সময় গাছ কেটে ফেলছি।  আমাদেরকে তার দ্বিগুন পরিমান গাছ লাগিয়ে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে । মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা বাড়াতে, বনসৃজনে আগ্রহ বাড়াতে গোটা জুলাই মাস ধরে আমরা জেলার বিভিন্ন প্রান্তে চারা গাছ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি। 


 তাতে বিপুল সংখ্যক মানুষের সাড়া পাওয়া যাচ্ছে । আগামী দিনেও এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে বলে তিনি জানান।  চারাগাছ বিতরণের পাশাপাশি এদিন সাধারণ মানুষের মধ্যে  করোনা নিয়ে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ হুমায়ুন কবির,   বনদপ্তরের আধিকারিক প্রদীপ কুমার গিরি,  ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া,  ডেবরা থানার ওসি প্রণব পাত্র,  সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া,  জেলা পরিষদের সদস্যা মুনমুন সেন মন্ডল , রেখা হুই সহ অন্যান্য ব্যক্তিবর্গ । এদিনের চারা গাছ বিতরণ কে কেন্দ্র করে উদ্যোক্তা এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.