নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী
দি নিউজ লায়নঃ এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের গ্রেফতার হল এক প্রতিবেশী । বুধবার ঘটনাটি ঘটে বাঁকুড়া সদর থানার কদমাঘাটি এলাকায় । বুধবার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গেছে নির্যাতিতা নাবালিকা জড় বুদ্ধি সম্পন্ন ।
তাকে বাড়িতে একা রেখে বুধবার নির্যাতিতার ঠাকুমার চিকিৎসার কাজে বাঁকুড়া গিয়েছিলেন পরিবারের অন্যান্যরা । সেই সময় নাবালিকার বাড়িতে টিভি দেখার নাম করে আসে বছর পঁয়তাল্লিশের পেশায় টোটো চালক ওই প্রতিবেশী । অভিযোগ বাড়িতে নাবালিকাকে এক পেয়ে তাকে ফুঁসলিয়ে যৌন নির্যাতন করে ওই প্রতিবেশী । পরে ঠাকুমা বাড়িতে ফিরে এলে হাতেনাতে ধরে ফেলে ওই প্রতিবেশীকে । তাঁর চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায় ।
পরে এলাকার বাসিন্দারা অভিযুক্তর বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতারের দাবি জানাতে থাকে । খবর পেয়ে বাঁকুড়া মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে । বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার সহ গোটা কদমাঘাটি গ্রাম । অভিযুক্তর স্ত্রী র দাবি, আমার স্বামী নির্দোষ । তাকে ফাঁসানো হয়েছে । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে । নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ।

Post a Comment