ফের সাইবার প্রতারণার শিকার - The News Lion

ফের সাইবার প্রতারণার শিকার


দি নিউজ লায়নঃ   গত কয়েকদিনে পরপর প্রথমে আসানসোল দক্ষিন থানা এবং পরে আসানসোল উত্তর থানা এলাকায় আন্তঃরাজ্য সাইবার ক্রাইমের পান্ডারা ধরা পড়লেও থেমে নেই সাইবার ক্রাইম। এবার এক মেকআপ আর্টিস্টকে কুরিয়ার এজেন্সির হয়ে ফোন করে বিভ্রান্ত করে দিয়ে মোবাইলে রিমোট অ্যাপ লোড করিয়ে ফোন পে থেকে টাকা সাফ করে নিল প্রতারকরা। আসানসোল দক্ষিন থানার গোপালপুরের বাসিন্দা অভিশ্রুতি মাজি নামে ওই মেকআপ আর্টিস্ট ৫৮ হাজার টাকা খুইয়েছেন প্রতারকদের পাল্লায় পড়ে৷ তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন।


কিভাবে ঘটল এই ঘটনা?

অভিশ্রুতি জানিয়েছেন, শিলিগুড়ি থেকে তাঁর কিছু প্রসাধনী সামগ্রী কুরিয়ারে আসার কথা ছিল।  গত ১৩ জুলাই তার কাছে প্রথমে ফোন আসে। তার ঠিকানা জানার পর উলটে তাকে একটি টোল ফ্রি নম্বরে ফোন করতে বলা হয়। কিন্তু সেই ফোনে সাড়া মেলেনি। পরক্ষনেই অন্য নাম্বার থেকে ফোন করে অভিশ্রুতিতে তার লোকেশন থেকে ফোন পে মারফত ৫ টাকা পাঠাতে বলা হয়। অভিশ্রুতির সন্দেহ হয়। তিনি অস্বীকার করেন টাকা পাঠাতে।এরপর ফোনে কথা বলা লোকটির সঙ্গে তার তর্কবিতর্কও হয়। এরপর আবার একটি অন্য নম্বর থেকে ফোন করে বলা হয় আপনি যেহেতু কুরিয়ার সার্ভিসের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তাই সেই প্রডাক্ট তারা অ্যামাজনে পাঠিয়ে দিয়েছে। ওরা ডেলিভারি করবে না। এখান থেকেই বিভ্রান্ত হতে শুরু করেন অভিশ্রুতি। তিনি ভাবতে থাকেন এত টাকার প্রডাক্ট কি তবে জলে গেল। যদিও ফোনের অন্য প্রান্তের লোকটি আশ্বাস দিয়ে বলেন। বিষয়টি সমাধান যোগ্য। একটি অ্যাপ নামাতে হবে।


এরপরেই মোবাইল রিমোট অ্যাপ “Any Desk”  অ্যাপ ডাউনলোড করতে বলা হয় অভিশ্রুতিকে। অ্যাপ সম্পর্কে না জানায় তিনি সেটি ডাউনলোড করে নেন। পাশাপাশি অ্যাপের জন্য আসা ওটিপি-ও ফোনে বলে ফেলেন। ব্যাস ফোন রিমোট অ্যাপে ওদের হস্তগত হয়ে যায়। এরপর প্রয়োজন ছিল ফোন পে পাসওয়ার্ড। খুব সাধারণ ভাবে অভিশ্রুতিকে ওপ্রান্ত থেকে বলা হয় আপনার ফোন পে থেকে টাকা কেটে নেওয়া হয়নি তো। অভিশ্রুতিকে দেখতে বলা হয়।  যেই অভিশ্রুতি ফোন পে খুলে দেন ওমনি মুহুর্তে মোট ১০ বারে ৫৮ হাজার টাকা তুলে নেন প্রতারকরা। 


এই ঘটনায় ভেঙে পড়েছেন ওই মেকআপ আর্টিস্ট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানাচ্ছে, এত বলা স্বত্ত্বেও কেন মানুষ সচেতন হচ্ছেন না। কিন্তু যেভাবে বিভ্রান্ত করছে প্রতারকরা,,তাতে যে কোনও মানুষই এভাবে প্রতারিত হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.