করোনা নেগেটিভ হলে তবেই এবার যাওয়া যাবে দিঘা, মন্দারমনি
দি নিউজ লায়নঃ করোনা নেগেটিভ হলে তবেই এবার যাওয়া যাবে দিঘা, মন্দারমনি, তাজপুর সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন পর্যটনক্ষেত্রে। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে যদি পর্যটকেরা আসতে চান তাহলে তাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে করোনা নেগেটিভ প্রমাণপত্র অথবা তাদের দুটি টিকাকরণ যে হয়ে গিয়েছে তার শংসাপত্র দেখাতে হবে।
এই নির্দেশিকা অমান্য করলে হয় তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে না হলে জেলা প্রশাসন নিজেরাই উদ্যোগ নিয়ে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করবে। সেই পরীক্ষায় যদি করোনা পজিটিভ ধরা পড়ে তাহলে বাধ্যতামূলকভাবে 14 দিনের থাকতে হবে অথবা তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন চেকপোস্ট তৈরি করে নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। পাশাপাশি বিশেষ করে দিঘা, মন্দারমনি, তাজপুর এবং শংকরপুরের বিভিন্ন হোটেল গুলিকে সতর্ক করে দেয়া হয়েছে।
তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা সংক্রান্ত যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যাবতীয় সরকারি বিধি নিষেধ মানতে হবে না হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ঠিকমতো করোনা বিধি হোটেলগুলো মানছে কিনা তা নিশ্চিত করতে সারপ্রাইস ভিজিট করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সেইসঙ্গে হোটেলের বিভিন্ন জায়গায় কোভিড সচেতনতামূলক পোস্টার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment