প্রবল বর্ষণে গিধনীর সাথে ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
দি নিউজ লায়ন; বুধবার একটানা চার ঘণ্টার প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতে জল বাড়ছে ।নদীর জল চাষের জমিতে উঠে পড়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা ।সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদীতে জল বাড়ছে ।তাই জামবনি ব্লক এর চিল্কিগড় এলাকায় ডুলং নদীর উপর থাকা কজওয়ের উপর দিয়ে প্রবল স্রোতে জল বইছে।
যার ফলে গিধনীর সাথে ঝাড়গ্রাম জেলা শহরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চিল্কিগড় এ কজওয়ের উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ডুলুং নদী তে জল বাড়ায় বেশকিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রায় চার ঘণ্টা একটানা প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রাম এর জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। বিভিন্ন এলাকায় বাড়িতে জল ঢুকে পড়ে লন্ডভন্ড হয়ে যায়।
গোটা ঝাড়্গ্রাম জেলা জুড়ে বিদ্যুৎ হীন হয়ে পড়ে। ঝাড়গ্রাম এর বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির ফলে ডুলুং নদী সংলগ্ন গ্রামগুলির প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার মধ্যে থাকা তারাফেনী নদীতে ও জল বাড়ছে, জল বাড়ছে কোয়ারি খালে। এছাড়াও সুবর্ণরেখা নদীর জল বাড়তে শুরু করেছে। যার ফলে চরম ভোগান্তির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

Post a Comment