৮ মাসের শিশুর অস্ত্রপচারের জন্য শিশুসাথী কার্ডের ব্যবস্থা করে দিলেন অরূপ রায় - The News Lion

৮ মাসের শিশুর অস্ত্রপচারের জন্য শিশুসাথী কার্ডের ব্যবস্থা করে দিলেন অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ  সরকারের মানবিক মুখ। হাওড়ায় ৮ মাসের শিশু ঐশিকা মান্নার হার্টের ব্যয়বহুল অপারেশনের জন্য শিশুসাথী কার্ডের ব্যবস্থা করে দিলেন মন্ত্রী অরূপ রায়। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের মানবিক মুখ দেখা গেল হাওড়ার এই ঘটনায়। মাত্র ৮ মাস বয়সী ঐশিকার হৃদযন্ত্রের ব্যয়বহুল অস্ত্রপ্রচারের জন্য পরিবারের হাতে শিশুসাথী কার্ড তুলে দেওয়া হলো।


 মঙ্গলবার সকালে ঐশিকার বাবা সিভিক পুলিশের কর্মী অশোক মান্নার হাতে ওই কার্ড তুলে দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কার্যত নিম্নবিত্ত পরিবারে জন্মানো ঐশিকার হৃদযন্ত্রের ভালভের সমস্যার কারণে জটিল অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। ব্যয়বহুল সেই চিকিৎসার খরচ বহন করার সাধ্য ওই পরিবারের নেই। ঐশিকার বাবা অশোক মান্না সিভিক পুলিশ কর্মী। মা রত্না মান্না গৃহবধূ। মেয়ের এই ব্যয়বহুল অস্ত্রপ্রচার করানোর সাধ্যি পরিবারের পক্ষে সম্ভব ছিল না। সেই সমস্যার কথা জানিয়ে ঐশিকার পরিবার মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন। 


মন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এদিন সকালে অশোকবাবুর হাতে শিশুসাথী কার্ড তুলে দেন। এর মাধ্যমে ঐশির চিকিৎসার ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। শিশুসাথী কার্ড হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হাওড়ার ইছাপুরের বাসিন্দা ঐশির পরিবার। ঐশিকার বাবা অশোক মান্না বলেন, আমার আট মাসের মেয়ে ঐশিকার জন্ম থেকেই হার্টের জটিল সমস্যা রয়েছে। হার্টের ভালভের ত্রুটি রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসায় অপারেশনের খরচ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব ছিলনা। 


তারজন্য শিশুসাথী কার্ডের প্রয়োজন ছিল। এরপর আমরা মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি সেই কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমার মেয়ের অপারেশন ফ্রি'তে করাতে পারব। এখন মেয়ের চিকিৎসা করাতে পারব এটা জেনে আমাদের খুব ভালো লাগছে। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, এই ৮ মাসের শিশুটির হার্টের সমস্যা। তার দ্রুত অপারেশনের প্রয়োজন রয়েছে। পরিবারটি খুব গরিব। সেই কারণে শিশুটির দ্রুত অপারেশন করিয়ে তাকে বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই স্বাস্থ্যসাথী, শিশুসাথী কার্ড করেছেন। 


যাতে গরিব মানুষ চিকিৎসা পান। এই শিশুসাথী কার্ডের মাধ্যমে বহু শিশু উপকৃত হয়েছে। হাওড়ার ঘটনাও তার একটা উদাহরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক ভাবনা, মানুষের জন্য এই ধরনের কাজ সারা ভারতবর্ষে তো দূরের কথা, সারা পৃথিবীতে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। এটা অভূতপূর্ব। এই কারণেই মানুষ মমতাকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন। মানুষের পাশে থাকাই আমাদের কাজ। সেই কাজই আমরা করে চলেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.