স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত স্বামী
দি নিউজ লায়ন; স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন স্বামী । বাবা - মাকে আক্রান্ত হতে দেখে প্রতিবাদে সরব হয় ছেলে। তাকেও পিটিয়ে খুনের চেষ্টা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ । রবিবার সকালে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা কৃষ্ণপুর এলাকায় । আক্রান্ত বাবা-ছেলে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার জেরে আক্রান্ত ওই গৃহবধূ ইংরেজবাজার থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারে রয়েছে তিন সদস্য গৃহবধু তার স্বামী ও ছেলে। নির্যাতিতা ওই গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, প্রায় এক বছর ধরে এলাকার যুবক হুসেন আলী তাকে উত্ত্যক্ত করছিলো। বাড়ির বাইরে বের হলে তাকে উদ্দেশ্য করে কটুক্তি এবং অশালীন আচরণ করা হতো। ধীরে ধীরে বিষয়টি চরম আকার নেয়। এরপরই গোটা ঘটনা তার স্বামীকে জানায়। গৃহবধূর স্বামী ঘটনা নিয়ে গ্রামে জানাই। এরপর হুসেন আলিকে ডেকে সাবধান করা হয়।
তারপরও থেমে থাকেনি হুসেন আলী। বাড়ির বাইরে বের হলে ওই গৃহবধূকে কটূক্তি ও অশালীন আচরণ করতে থাকে অভিযুক্ত যুবক। অভিযোগ এরপরই হুসেন আলী ধারালো অস্ত্র নিয়ে স্বামী ও তার ছেলের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করতে থাকে। তাদের চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় স্বামী ও তার ছেলেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই অভিযুক্ত হোসেন আলীর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ।

Post a Comment