পশ্চিম মেদিনীপুরের ত্রাণ ও উদ্ধারকার্যে নামানো হলো এন ডি আর এফের টিমকে - The News Lion

পশ্চিম মেদিনীপুরের ত্রাণ ও উদ্ধারকার্যে নামানো হলো এন ডি আর এফের টিমকে

 


দি নিউজ লায়নঃ   পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি।  শুক্রবার থেকেই ত্রাণ ও উদ্ধারকার্যে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ।তাঁরা কেশপুর , ঘাটাল , দাসপুর , চন্দ্রকোনায় কাজ করছেন । শনিবার দাসপুরের রাজনগর থেকে একটি সদ্যজাত শিশু সহ শঙ্করী জানা ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে পুলিশের উদ্ধারকারী দল। গত দুদিন ধরে তাঁরা কোমর সমান জলে ঘরের মধ্যে সদ্যজাত শিশুকে নিয়ে ঠায় দাঁড়িয়ে ছিলেন।


 কেশপুরের বহু গ্রামে এখনো ৫ থেকে ৬ ফুট জলে ডুবে রয়েছে । এখানে ৪৬ টি  মাটির বাড়ি জলের তোড়ে ভেঙে গেছে । চারপাশে জল বাড়তে থাকায় শুক্রবার সন্ধ্যায় সঙ্গাহীন হয়ে বাড়িতেই পড়ে যান কেশপুরের খড়িকা গ্রামের শঙ্করী বাগ (৫৬ ) । তাঁকে খাটিয়ায় করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হলে মারা যান তিনি ।  গ্রামে জল আরও বেড়ে যাওয়ায় মেদিনীপুরের শ্মশানেই তাঁর সৎকার করা হয় ।


এদিকে এদিন খড়্গপুরের ৩২ নম্বর ওয়ার্ডে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর । কাঁসাই নদীতে জলস্তর বাড়তে থাকায় শনিবার আনিকেটের লকগেট খুলে দেওয়া হয় । ঘাটাল থানায় প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে । ঘাটালের বিবেকানন্দ মোড়ে একটি ভাড়া বাড়িতে থানার কাজকর্ম চলছে ।দাসপুর , চন্দ্রকোনায় বেশ কয়েকটি স্থানে শিলাবতী , ঝুমি , তমাল নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামগুলিতে ।


 কেলেঘাই ও কপালেশ্বরী নদীর পাশে থাকা সবং এর ১৫ টি গ্রাম ৫ ফুট  জলে ডুবে আছে । কোমর সমান বা এর বেশি জল পেরিয়েই গ্রামবাসীদের দূর থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও পানীয় জল আনতে হচ্ছে । পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কোমল  জানান  , জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ ।বন্যা কবলিত এলাকা থেকে  ১০ হাজার মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে ।


 এনডিআরএফের টিম কাজ  করছে । বিডিও ও স্থানীয় থানা পরিস্থিতির দিকে নজর রাখছেন । ত্রিপল , রান্না করা খাবার , শুকনো খাবার , শিশুর খাবার , পানীয় জল দেওয়া হচ্ছে । জল না কমলে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব নয় বলে তিনি জানান । যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.