তমাল নদীর জলে ভেসে যাওয়া পাঁচ জনকে উদ্ধার করলো স্থানীয় বাসিন্দারা
দি নিউজ লায়নঃ একটানা প্রবল বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি নদীতে বাড়ছে জল। যার ফলে বিভিন্ন গ্রামে নদীর জল ঢুকছে ।একদিকে বৃষ্টির জল অন্য দিকে নদীর জল গ্রামে ঢুকছে। যার ফলে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার আনন্দপুর এলাকায় তমাল নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যায়। রাস্তার উপর দিয়ে যাতায়াত করার সময় পাঁচজন নদীর জলে ভেসে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এরপর স্থানীয় বাসিন্দারা তমাল নদীতে ঝাঁপ দিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই পাঁচ জনকে উদ্ধার করলেও তাদের কাছে থাকা ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র নদীর জলে ভেসে যায়। তমাল নদীর উপর আনন্দপুর এলাকায় থাকা ভাঙা সেতু টি মেরামত করার দাবি জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এমনকি জেলা পরিষদের পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ ওই এলাকায় গিয়ে সেতু টি পরিদর্শন করেছিলেন।তিনি সেতুটি দ্রুত মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন।
এরপর করোনা পরিস্থিতি তারপর বিধানসভা নির্বাচন যার ফলে ওই সেতু মেরামত করার কাজ হয়নি । যার ফলে এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে। তমাল নদীর জলে বহু গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষ নষ্ট হতে বসেছে। আনন্দপুর এলাকার বাসিন্দা ডাক্তার দিলীপ পান বলেন যেভাবে তমাল নদীতে জল বাড়ছে তাতে বিপদের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বানভাসি হওয়ার উপক্রম দেখা দিয়েছে। কয়েকজন ওই সেতুর উপর দিয়ে যাওয়ার সময় তমাল নদীর জলে ভেসে যায় । যাই হোক তাদেরকে সাধারন মানুষেরা উদ্ধার করেছেন ।তিনি ওই সেতুটি দ্রুত মেরামত করার দাবি জানান।

Post a Comment