নামী টায়ার কোম্পানির ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

নামী টায়ার কোম্পানির ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়ন;   নামী টায়ার কোম্পানির ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আরো একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। জানা যায়, নামী টায়ার কোম্পানির ডিলারশিপ পাইয়ে দেওয়ার  নাম করে ১৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃতের নাম মহম্মদ রাকিবুল মণ্ডল। উত্তর ২৪ পরগণার অশোকনগর থানার কামারপুরে তার বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলকোট থানার পুরাতন হাটের বাসিন্দা প্রদীপ পাল বেশ কিছুদিন ধরে নামী টায়ার কোম্পানির ডিলারশিপ পাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছিলেন। গত বছর জুলাই মাসে তাঁর কাছে একটি ফোন আসে। টায়ার কোম্পানির রিলেশনশিপ ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে এক ব্যক্তি তিনি ডিলারশিপ নিতে ইচ্ছুক কিনা তা জানতে চান।


 তিনি সম্মতি দিলে তাঁর কাছে ই-মেলে একটি ফর্ম পাঠানো হয়। ফর্ম পূরণ করে তাঁকে জমা দিতে বলা হয়। ফর্ম জমা দেওয়ার জন্য তাঁকে ১৫ হাজার ৮০০ টাকা পাঠাতে বলা হয়। তিনি সেই টাকা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেন। এরপর নানা অছিলায় তাঁর কাছ থেকে কয়েক দফায় টাকা চাওয়া হয়। তিনি বিভিন্ন সময়ে টাকা জমা করেন। মোট ১৩ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা তিনি ব্যাংকের মাধ্যমে প্রতারকের দেওয়া অ্যাকাউন্টে জমা করেন। কিন্তু, তিনি টায়ার কোম্পানির ডিলারশিপ পাননি। টাকাও ফেরত পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস শুভেন্দু কর্মকারকে গ্রেপ্তার করে। তাকে হেফাজতে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিস। 


তার একটি মোবাইল ও ব্যাংকের দু’টি পাশবই বাজেয়াপ্ত করেছে পুলিস। শুভেন্দু কর্মকারের পর পুলিস মহম্মদ রাকিবুল মণ্ডলকে গ্রেপ্তার করলো।  শুক্রবার রাতে স্থানীয় থানার সাহায্য নিয়ে সাইবার থানার পুলিস বাড়ি থেকে মহম্মদ রাকিবুলকে গ্রেপ্তার করে। শনিবার রাকিবুলকে বর্ধমান আদালতে পেশ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার কথা জেনেছে পুলিস। বাকি জড়িতদের হদিশ পেতে এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের জন্য রাকিবুলকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ৪ দিনের পুলিসি হেফাজতের মেয়াদ শেষে এদিন ঘটনায় অপর ধৃত শুভেন্দু কর্মকারকে ফের আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ধৃতকে ১৭ জুলাই ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.