ফের লোকালয়ে হানা দিল একটি রেসিডেন্সিয়াল হাতি
দি নিউজ লায়ন; ফের লোকালয়ে হানা দিল একটি রেসিডেন্সিয়াল হাতি । গতকাল গভীর রাতে আচমকাই একটি দাঁতাল হাতি হানা দেয় বাঁকুড়ার দেউলীর জঙ্গল লাগোয়া দেশুড়িয়া মোড়ের বাজার ও সংলগ্ন দেশুড়িয়া গ্রামে । লোকালয়ে ঢুকে একের পর এক দুটি দোকান ও দুটি বাড়িতে হানা দিয়ে চাল ও ফলমূল খেয়ে ভোরের আলো ফোতার আগে বিনা বাধায় দিব্যি চম্পট দেয় হাতিটি । স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি বীট এলাকার দেউলী ও পার্শ্ববর্তী জঙ্গলে বেশ কিছুদিন ধরেই ছ’টি হাতি ঘাঁটি গেড়ে রয়েছে ।
এছাড়াও ওই জঙ্গলে মাঝেমধ্যেই আসা যাওয়া করে একটি রেসিডেন্সিয়াল হাতি । গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই খাবারের খোঁজে রেসিডেন্সিয়াল হাতিটি ঢুকে পড়ে দেউলীর জঙ্গল লাগোয়া দেশুড়িয়া বাজারে । সেখানে পরপর একটি চালের দোকান ও একটি ফলের দোকানে হানা দিয়ে দোকানগুলির ভেতরে রাখা চাল ও ফলমূল সাবাড় করে হাতিটি । পরে বাজার সংলগ্ন দেশুড়িয়া গ্রামে হানা দেয় হাতিটি । গ্রামের দুটি বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরে সঞ্চয় করে রাখা চাল ও গম খায় ।
এরপর ভোরের আলো ফোটার আগেই লোকালয় ছেড়ে জঙ্গলে চলে যায় হাতিটি । এইভাবে লোকালয়ে হাতির হানার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মানুষ । স্থানীয়রা ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাতিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে । বন দফতরের স্থানীয় গঙ্গাজলঘাঁটি বীটের বীট অফিসার কৃষ্ণপদ মাহাতো বলেন, ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির সার্ভে হয়ে গেছে । আমরা যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থদের হাতে ক্ষতিপূরণ পৌঁছে দেব । পাশাপাশি প্রয়োজন হলে হাতিটিকে অন্যত্র সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।

Post a Comment