ফের জম্মুর রাতের আকাশে দেখা গেল সন্দেহভাজন ড্রোন!
দি নিউজ লায়ন; ফের জম্মুর রাতের আকাশে দেখা গেল সন্দেহভাজন ড্রোন! গত ৩ দিনে এই নিয়ে পঞ্চমবার। সোমবার রাত আড়াইটে নাগাদ কুঞ্জয়ীনী, সুঞ্জওয়ান এবং কালুচক এলাকায় ড্রোনটিকে উড়তে দেখেন নিরাপত্তারক্ষীরা। যদিও পরে সেটিকে আর দেখা যায়নি।
জম্মুতে অবস্থিত কুঞ্জয়ীনী এলাকা, সাতওয়ারি এয়ারফোর্স স্টেশনের খুব কাছেই। সুঞ্জওয়ান থেকে এয়ারফোর্স স্টেশনের দূরত্ব ৬.৫ কিলোমিটার এবং কালুচক থেকে দূরত্ব ৪.৫ কিলোমিটার। রবিবার রাতেও জম্মুর কালুচক মিলিটরি স্টেশনের কাছে আকাশে দুটি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা।
ড্রোন দুটিকে দেখা মাত্রই গুলি করে নামানোর চেষ্টা করেন তাঁরা। তবে ড্রোন দুটি এলাকা ছেড়ে চলে যায়। জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচক-পুরমণ্ডল রোডের কাছে আকাশে ড্রোন দুটিকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। ওই স্থানের খুব কাছেই কালুচক মিলিটরি স্টেশন।

Post a Comment