জন্মদিনে স্মরণঃ কানু বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ ছবিতে ‘হরিহর’ চরিত্রে অভিনয় করার সময় থেকেই কানুবাবুর সঙ্গে সত্যজিতের খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। হয়তো সেই সূত্র ধরেই পরবর্তীকালে কানুবাবুর পাড়াতেই সত্যজিৎ রায় তাঁর ‘অপুর সংসার’ ছবির শুটিং করেছিলেন।
এ প্রজন্মের অনেকেই জানেন না ‘পথের পাঁচালী’ ছবিতে অভিনয় করার আগে কানুবাবু মোট ১০৪টি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। কানুবাবু যখন ছায়াছবির জগতে পথ চলতে শুরু করেছেন সেটা ১৯২৭ সাল। মানে নির্বাক ছায়াছবির যুগ। প্রিয়নাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত নির্বাক ছবি ‘দুর্গেশনন্দিনী’-তে প্রথম অভিনয় করেন কানুবাবু।
১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল ‘পথের পাঁচালী’। সেই একই বছরে মুক্তি পেয়েছিল কানু বন্দ্যোপাধ্যায়ের আরো ৬টি ছবি। তার মধ্যে, তপন সিংহ পরিচালিত ‘উপহার’ সুপারহিট। একই বছরে বাংলার দুই বিখ্যাত পরিচালকের সঙ্গে ছবির মুক্তি। কানু ওরফে কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের অভিনয়-ক্ষমতা সম্পর্কে আঁচ পাওয়া যায় এর থেকেই। জন্ম রাজস্থানে। তারপর শৈশবেই চলে আসা কলকাতায়। কয়েকবার বাসা বদলের পর ১৬/২ বনমালী চ্যাটার্জি লেনের বাড়িই হল চিরস্থায়ী ঠিকানা।
অভিনয়ে হাতেখড়ি এক অদ্ভুত সংযোগের মধ্যে দিয়ে। নন্দলাল বসুর বাড়িতে একটি অনুষ্ঠানে একটা সংস্কৃত শ্লোক ও কবিতা পাঠ করেছিলেন কানাইলাল। তাঁর বয়স তখন দশ-বারোর বেশি হবে না। দর্শকাসনে ছিলেন অমৃতলাল বসু। কানাইলালের পাঠ তাঁর ভারি ভালো লেগে যায়। তিনিই কানাইলালকে নিয়ে আসেন নাটকে। একটি সংস্কৃত নাটকে ব্রাহ্মণের স্ত্রীর চরিত্রে প্রথম অভিনয়। এরপরেও একাধিক নাটকে নারী চরিত্রে অভিনয় করেছেন কানাইলাল।

Post a Comment