বৃদ্ধ বাবা-মায়ের উপর নির্যাতন চালানোর অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; ছেলে ও পুত্র বধূর বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন বর্ধমানের মিরছোবা এলাকার এক বৃদ্ধ দম্পতি। ওই দম্পতির অভিযোগ তারা বৃদ্ধ ও বৃদ্ধাকে প্রায়ই মারধর করে করে ঘর থেকে বের করে দিত। ঘটনার বিষয়ে বিভিন্ন সময়ে প্রশাসনের নানা মহলে ও থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধ-বৃদ্ধা। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। শুক্রবার বৃদ্ধ-বৃদ্ধা ও তাঁদের বড় ছেলেকে ফের মারধর করা হয়।
বড় ছেলের মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ছেলে ও পুত্রবধূর অত্যাচারে আতঙ্কে দিন কাটাচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধা। জীবন সায়াহ্নে তাঁরা যাতে শান্তিতে ঘরে থাকতে পারেন তা সুনিশ্চিত করতে পুলিসের কাছে আবেদন জানিয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭৮ বছরের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক স্ত্রী ও বড় ছেলেকে নিয়ে মিরছোবার বাড়িতে থাকেন।
বছর দশেক ধরে ছোট ছেলে ও তার স্ত্রী তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে। হামেশাই তাঁদের মারধর করা হয়। এমনকি ঘর থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়। সম্পত্তি না লিখে দেওয়ার জন্যই তাঁদের মারধর করা হয় বলে বৃদ্ধ-বৃদ্ধার অভিযোগ। এদিনও বৃদ্ধ-বৃদ্ধা ও তাঁদের বড় ছেলেকে মারধর করা হয়। বড় ছেলের মোবাইল কেড়ে নেওয়া হয়। শাসক দলের মদত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

Post a Comment