ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাকাত সন্দেহে ধৃতের ৪ দিনের জামিন মঞ্জুর করল আদালত
দি নিউজ লায়ন; ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডাকাত সন্দেহে ধৃতের ৪ দিনের জামিন মঞ্জুর করল আদালত। ৪ দিনের পর তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত ২১ মে রাতে বেড়ুগ্রাম-বাদুলিয়া রোডে সরঙ্গা মোড়ের কাছ থেকে শেখ জয়নাল হক ওরফে লালবাবু সহ ৪ জনকে গ্রেপ্তার করে খণ্ডঘোষ থানার পুলিস। খণ্ডঘোষ থানারই উখরিদে জয়নালের বাড়ি।
ধৃতদের কাছ থেকে একটি নাইনএমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড, নাইলনের দড়ি ও এলাকার একটি স্কেচ ম্যাপ উদ্ধার হয় বলে পুলিসের দাবি। স্থানীয় একটি রাইসমিলে ডাকাতির পরিকল্পনায় ধৃতরা সেখানে জড়ো হয়েছিল বলে পুলিসের দাবি। বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন বিচারক।
এরই মধ্যে জয়নালের ছেলের বিয়ের দিন স্থির হয়। শনিবার ছেলের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠান। শুক্রবার তার আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। লালবাবুর ছেলের বিয়ের কার্ড আদালতে পেশ করে প্রীতিভোজের অনুষ্ঠানে যাতে সে যোগ দিতে পারে সেজন্য জামিন চান।
মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে বিচার করে জামিনের আবেদন মঞ্জুর করার জন্য আবেদন জানান লালবাবুর আইনজীবী। সরকারি আইনজীবীও মানবিক কারণে জামিনের আবেদনের বিরোধিতা করেন নি। সওয়াল শুনে সিজেএম ৪ দিনের অন্তবর্তী জামিন মঞ্জুর করেন। তবে, ছেলের বিয়ে মিটে গেলেই ৮ জুন তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে নির্দেশ দেন বিচারক।

Post a Comment