বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের হাস্যকৌতুক আকারে লেখা ছবি পোস্ট - The News Lion

বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের হাস্যকৌতুক আকারে লেখা ছবি পোস্ট

 




দি নিউজ লায়ন;  বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের হাস্যকৌতুক আকারে লেখা ছবি পোস্ট করেছে। যাকে ঘিরে মালদার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা উল্লেখ করা হয়েছে। এমনকি বিজেপি বিধায়কের ছবি দিয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি, আবার কোথাও উল্লেখ করা হয়েছে করোনার অক্সিজেনের প্রয়োজন হলে দিল্লিতে বিধায়কের সঙ্গে যোগাযোগ করার জন্য। এমনকি ভাইরাল হওয়া এই সব পোস্টে বিধায়কের দিল্লি ঠিকানার একটি মোবাইল নম্বরও  সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। এই পোস্টকে ঘিরেই এখন রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়েছে। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্ব ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে চরম কটাক্ষ করেছে।


তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, বিধানসভা নির্বাচনের প্রচারে আমরা বলেছিলাম বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জয়ী হলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না । সামান্য একটা সার্টিফিকেটের জন্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে দিল্লি ছুটতে হবে ইংরেজবাজারের মানুষকে। আর আমাদের এই কথাই এখন সত্যি হয়েছে। দুই মাস ধরে বিধায়কের কোন খোঁজখবর নেই। নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পর একদিনের জন্য বিধানসভায় এসে শপথ নিয়ে আবার তিনি উধাও হয়ে গিয়েছেন । আসলে উনার কোনো দায়িত্ববোধ নেই । তাই এখন উনাকে দুই মাস কেন , পাঁচ বছর হয়তো খুঁজে পাবেন না ইংরেজবাজারের মানুষ। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের।


উল্লেখ্য , এবারে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি দিল্লীতে থাকতেন। পারিবারিক সূত্রে তিনি মালদার বাসিন্দা হলেও নির্বাচনের কয়েকদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি চিকিৎসার জন্য দিল্লিতে যান। পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কিন্তু বিধানসভার ফল ঘোষণার পর প্রায় দুই মাস কেটে গেল এখনও তার মুখ দেখতে পান নি ইংরেজবাজারের মানুষ বলে অভিযোগ। আর এই ঘটনাটি ঘিরেই এখন ইংরেজবাজার শহরের অধিকাংশ মানুষের মধ্যে অসন্তোষ ছড়াতে শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে শহরের বাসিন্দাদের নানান কাজের জন্য ছুটে আসতে হচ্ছে বিধায়ক নিহার ঘোষের কাছে। কারণ, নিহার ঘোষ এর আগে ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক ছিলেন। এবারের বিধানসভায় তিনি চাচোল কেন্দ্রে প্রার্থী হন। এবং বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু মানুষের কাছে এখনো নিহার ঘোষ যেন ইংরেজবাজারের বিধায়ক হিসেবে রয়েছেন । তাই বারবার সেই বিধায়কের কাছে ছুটে যাচ্ছেন শহরের বহু মানুষ। এমনকি বিজেপি বিধায়ককে মালদায় না পেয়ে ক্ষোভ দেখাচ্ছেন অনেকেই।


যদিও এব্যাপারে বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল জানিয়েছেন , বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী অসুস্থতার কারণে বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন । খুব শীঘ্রই তিনি মালদায় ফিরে আসবেন। কিন্তু তৃণমূল নেতৃত্ব বিধায়ককে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে। এটা মোটেই ঠিক নয়।তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, যিনি দীর্ঘদিন ধরে দিল্লিতে থেকে এসেছেন, তিনি ইংরেজবাজার শহরের মানুষের মন কি করে বুঝবেন। মানুষ হয়তো মনে করেছিল ওই বিধায়ককে কাছে পাবেন। কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মালদা শহরের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.