বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ - The News Lion

বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ

 


দি নিউজ লায়ন; বৃষ্টির জমা জলে মিশছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। প্রতিবাদে রাস্তা অবরোধ লিলুয়ার পটুয়াপাড়ায়। হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লিলুয়া পটুয়াপাড়ায় গত কয়েকদিন ধরেই দুর্গন্ধযুক্ত নর্দমার জল ও বৃষ্টির জমা জল রাস্তায় জমে রয়েছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছু হয়নি। এর পাশাপাশি রাস্তার জমা জলে মিশে গেছে কলকারখানার রাসায়নিক বর্জ্য। এর জেরে চরম আতঙ্কিত এলাকার বাসিন্দারা রবিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পটুয়াপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জমা জল নর্দমার পচা জলের সঙ্গে মিশে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এর পাশাপাশি কারখানার বেগুনি রংয়ের রাসায়নিক জমা জলের সঙ্গে মিশে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


 এলাকার মানুষ সেই জলে হেঁটেই যাতায়াত করছেন। এতে রাসায়নিক থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন সকলে। এরই প্রতিবাদে হয় রাস্তা অবরোধ। স্থানীয় বাসিন্দা অভিজিৎ জানান, এটা আজকের ব্যাপার নয়, দীর্ঘদিনের সমস্যা। প্রতিবছরই তাদের জলকষ্টে ভুগতে হয়। বর্ষা থাকুক বা না থাকুক, এই ভাবে জল দাঁড়িয়ে থাকে। এখন আবার স্থানীয় কারখানা থেকে রাসায়নিক মিশ্রিত জল বের হচ্ছে। এতে চর্মরোগ ছড়াচ্ছে। বৃষ্টির পর থেকে একইরকমভাবে জল দাঁড়িয়ে রয়েছে। একদিনও জল নামেনি। বৃষ্টি হলে জল বেড়ে যায়। না নামলে এইরকম থেকে যায়। এলাকার প্রাক্তন কাউন্সিলর বিষয়টি জানেন। তিনি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। অথচ কোনও সুরাহা মেলেনি। লিলুয়ার ৬৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পা বিশ্বাস জানান, প্রায় দুই বছর ধরে এই এলাকায় রাস্তা সারাইয়ের কোনো কাজ হয়নি। ভেঙেচুরে গিয়েছে।


  জল নিকাশি ব্যবস্থা একদমই নেই। রাস্তায় যত্রতত্র জল জমে রয়েছে। এর সঙ্গে রাসায়নিক মিশ্রিত  জল কারখানা থেকে বেরিয়ে জমে আছে রাস্তায়। এতে মানুষের রোগ ছড়াচ্ছে  প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। এই কারণে এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করা হয়েছে। তাঁদের দাবি, এখানে রাস্তার সারাই করতে হবে ও লরির পার্কিং  সরাতে হবে। তার অভিযোগ পার্কিংয়ের জন্য রাস্তায় দুর্ঘটনা বেড়েছে। এখানকার বিধায়ক, সাংসদ সবাইকেই জানানো হয়েছে। সাংসদ রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন। কিন্তু কবে এই সারাইয়ের কাজ হবে তা নির্দিষ্ট করে কিছু বলেননি। প্রায় তিন বছর ধরে এলাকার মানুষ এই সমস্যায় ভুগছে।আরেক স্থানীয় বাসিন্দা সোনালি রায় জানান, জল জমার সমস্যায় অনেক দিন ধরে তাঁরা ভুগছেন। কারখানা দিয়ে রাসায়নিক মিশ্রিত জল বেরিয়ে রাস্তায় পড়ছে। সেই জল পায়ে লেগে ঘা এলার্জি হয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.