সশস্ত্র পাঁচজন ডাকাত গ্রেফতার
দি নিউজ লায়ন; গভীর রাতে পুলিশের নজরদারি চালানোর সময় সশস্ত্র পাঁচজনের ডাকাত দলকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা শহর থেকে কিছুটা দূরত্বে মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায়। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।
পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের নাম মন্টু মহালদার, বিকি ভাস্কর, শেখ আতিজুর, শেখ নিজামুদ্দিন এবং বাপি শেখ। ধৃতদের বাড়ি মালদা শহরের বাঁশবাড়ি, মিরচক এবং রতুয়া ও পুখুরিয়া থানা এলাকায় । পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা মানিকচক রাজ্য সড়কের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
সেখানে অভিযান চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় রড, হাঁসুয়া, দড়ি সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ডাকাতি করার উদ্দেশ্যে পলিটেকনিক কলেজ সংলগ্ন একটি আমবাগানে জরো হয়েছিল অভিযুক্ত ওই সশস্ত্র দুষ্কৃতি।
পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন,পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। তাদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে।

Post a Comment