স্ত্রীকে কাটারি দিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী
দি নিউজ লায়ন; মঙ্গলবার রাতে শ্যামপুর থানা রতনপুর গ্রামে স্ত্রীকে কাটারি দিয়ে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল স্বামী। মৃত গৃহবধূর নাম দীপা মন্ডল (৪৫) । অভিযুক্ত ব্যক্তির নাম নব কুমার মন্ডল। শ্যামপুর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় নবকুমার মন্ডলকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে নবকুমার মন্ডল মানসিক বিকারগ্রস্ত। তার চিকিৎসা চলছে। নবকুমার সেভাবে কোনো কাজ না করায় তার স্ত্রী দীপা মন্ডল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করার পাশাপাশি ফুচকা বিক্রি করে সংসার চালাত। সূত্রের খবর দীপা মন্ডলের এই কাজ নিয়ে নবকুমার তাকে সন্দেহ করত। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার দীপা মন্ডল তার ছোট মেয়েকে নিয়ে বড় মেয়ের বাড়িতে যায়। রাতে একাই বাড়ি ফিরে আসে। জানা গেছে রাত ৯ টা নাগাদ দীপা মন্ডল ঘরে শুয়ে থাকার সময় আচমকা নবকুমার একটি কাটারি দিয়ে মাথায় কোপ মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে গৃহবধূর চিৎকারে নবকুমারের দাদা সুকুমার মন্ডল ছুটে আসলে নবকুমার তাকেও কাটারি দিয়ে আঘাত করে। এদিকে নবকুমারের রক্তমাখা কাটারি দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবকুমার কে ধরতে গেলে আচমকা নিজের হাতে থাকা কাটারি দিয়ে নিজের মাথায় আঘাত করে নবকুমার। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।

Post a Comment