বাঁকুড়া বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও তৎপর প্রশাসন - The News Lion

বাঁকুড়া বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও তৎপর প্রশাসন

 


দি নিউজ লায়ন;   শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় জলস্তর কমেছে দ্বারকেশ্বর , গন্ধেশ্বরী সহ বাঁকুড়া জেলার সবকটি নদীতেই । একাধিক সেতুর উপর থেকে জল সরে যাওয়ায় ওই সেতুগুলির উপর দিয়ে শুরু হয়েছে যাতায়াত । পরিস্থিতির সামগ্রিক উন্নতি ঘটলেও জেলায় কমলা সতর্কতা থাকায় কোনোভাবেই সতর্কতায় ঢিলেমি দিতে নারাজ বাঁকুড়া জেলা প্রশাসন ।


 ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলার পাশাপাশি মাঠে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে । বাঁকুড়া শহর সহ জেলার বিভিন্ন জায়গায় জমা জল বের করতে তৎপর হয়েছে দমকল বাহিনীও । গত তিনদিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে বাঁকুড়া জেলায় । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত তিনদিন বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাতের পরিমান ৪২০ মিলিমিটার ।


 মাত্র ৭২ ঘন্টার মধ্যে এই বিপুল পরিমান বৃষ্টি হওয়ায় জেলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল । গতকাল দুপুরের পর থেকেই বিপদ সীমার অনেকটা উপর দিয়ে বইছিল দারকেশ্বর নদ । বিপদ সীমা ছুঁয়েছিল গন্ধেশ্বরী নদীও । এছাড়াও কংসাবতী, শিলাবতী , ভৈঁরোবাঁকি, জয়পন্ডা সহ সবকটি নদীতেই জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায় । দারকেশ্বরের জলে ডুবে যায় কেঞ্জাকুড়া ভালাইডিহা সংযোগকারী সেতু । জলের তলায় চলে যায় বাঁকুড়া শহর লাগোয়া মীনাপুর ও ভাদুল সেতুও । 


গন্ধেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার ওই নদীর উপর থাকা ছাতনা শুশুনিয়া রাস্তায় শুশুনিয়া সেতু ও মানকানালি সেতুও জলের তলায় চলে যায় । তবে শুক্রবার দুপুরের পর বৃষ্টি কমে আসায় নামতে শুরু করে গন্ধেশ্বরীর জলস্তর । বিকালের মধ্যেই বিপদ সীমার নিচে নেমে যায় গন্ধেশ্বরীর জলস্তর । অন্যদিকে দামোদরের উচ্চ অববাহিকা অঞ্চলে ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে ছাড়া জলের পরিমান ।


 বাঁকুড়া সেচ দফতরের তরফে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্গাপুর ব্যারেজ থেকে মোট ৪৩ হাজার ৮৫০ কিউসেক জল ছাড়ার কাজ চলছে । শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টি না হলেও বড়সড় বিপর্যয় এড়াতে সবরকম ভাবে তৈরি রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন । দুর্গত মানুষদের সবরকম সহায়তার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম । তৎপর রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনীও ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.