অভাবের তাড়নায় ৫ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন; অভাবের তাড়নায় ৫ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার চন্ডী গ্রামে। বুধরার মেয়ে বিক্রির বিষয়টি জানতে পেরে মা রমজান বিবি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে এদিন দুপুরে আটক করা হয়েছে অভিযুক্ত বাবা আলতাব মোল্লাকে।
তাকে জেরা করার পর পুলিশ জানতে পারে, বিষ্ণুপুরের আলিপুরে একটি বাড়িতে পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে সে। এরপর সেখানে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিস। এই ঘটনায় হতবাক গোটা বিষ্ণুপুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলতাব মোল্লার বাড়ি উস্তি থানার বানেশ্বরপুরে। দর্জি মিস্ত্রি হওয়ার সুবাদে অনেকদিন আগে সে গ্রাম ছেড়ে বিষ্ণুপুরের চন্ডীতে চলে আসে। সেখানে একটি ঘর ভাড়া করে থাকছিল।
গতবছর লকডাউনের জেরে কাজের মন্দাভাব চলে আসে। তারপর ঘুরে দাঁড়াতে শুরু করলেও আবারও কঠোর আত্মশাসনে ফের আর্থিক টানাটানি শুরু হয়। এসব নিয়ে স্ত্রীর সঙ্গে নিত্যদিনের ঝামেলা লেগেই থাকত। এই অশান্তির মধ্যে স্বামীকে ছেড়ে পৈলানে আলাদা করে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন অভিযুক্তের স্ত্রী। কিন্তু নিজের কাছে তাদের ছেলে মেয়েদের রেখে দেয় আলতাব। এদিকে চরম নেশায় বুঁদ হয়ে পড়েছিল সে। তাই নেশার টাকা জোগার করতে পাঁচ বছরের মেয়েকে বিক্রি করে দেয় বাবা। এদিন এই খবর জানতে পেরে থানায় এসে অভিযোগ দায়ের করেন মা। বাচ্চাটিকে উদ্ধার করে আপাতত হোমে রাখা হয়েছে।

Post a Comment