কোভিড রোগীদের মানসিক খেয়াল রাখতে প্রস্তুত এই অভিনেত্রী
দি নিউজ লায়ন; বর্তমানে একের পর এক চমক দিয়ে নেটিজেনদের প্রশংসার শীর্ষে অবস্থান করছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনয় ছাড়া এনজিও- এর সঙ্গে যুক্ত থেকে বিশেষভাবে সক্ষম বাচ্চা,পথশিশু ও অনাথ বাচ্চাদের জন্য কাজ করেন অভিনেত্রী। নারী সচেতনতার জন্য বিভিন্ন কাজ করেই থাকেন তিনি। এবার থেকে যাঁরা কোভিডের সঙ্গে লড়াই করছেন, তাঁদের মানসিক খেয়াল রাখতে প্রস্তুত হলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ঋতাভরী।
তিনি লেখেন, ‘একটা বছর ধরে আমাদের সবার ওপর দিয়ে একটা দুঃসময় চলেছে। কোভিড প্যান্ডেমিক, তার জন্য লকডাউন, কাজ বন্ধ, স্কুল কলেজ পরীক্ষা বন্ধ, বন্ধ আমাদের সামাজিক মেলামেশার স্বাভাবিক জীবন।যেন একটা অন্ধকার টানেলের মধ্যে ঢুকে পড়েছি। এর ফলে কম বেশি সকলেই মানসিক ভাবে বিপর্যস্ত।
যারা প্রিয়জন হারিয়েছে, নিজেরা ভুক্তভোগী বা এই পরিস্থিতিতে দমবন্ধ অবস্থা বোধ করছে, সবার দিকেই আমি হাত বাড়িয়ে দিয়েছি। তোমাদের সব রকম মনোকষ্টে, হতাশায়, মনের জোর হারানো একাকীত্বের সুরাহা করতে চাই। কথা বলো মনোবিদ ও বিশেষজ্ঞদের সাথে। কোন খরচ দিতে হবেনা। তার জন্য আমি আছি, আমার বন্ধু রাহুল দাশগুপ্ত আর ‘সহায়তা’ আছে। কল করো: ১৮০০২০৩৯৮৬৫। এই অন্ধকার টানেলটা থেকে বেরিয়ে আসার একটা যৌথ প্রচেষ্টা!! মন ভালো থাকলে পৃথিবীটাই সুন্দর হবে!! ঋতাভরী চক্রবর্তী।’ সোমবার থেকে শনিবার দুপুর বারোটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন।

Post a Comment