বিহারের ভুট্টা ব্যবসায়ী খুনের ঘটনায় ধৃতদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
দি নিউজ লায়ন; বিহারের ভুট্টা ব্যবসায়ীকে খুনের ঘটনায় ধৃত সাইদুর রহমান ওরফে পিয়ম ও মহম্মদ পরভেজকে হেফাজতে নিল পুলিস। পুলিস জানিয়েছে, গত ১ জুন বিকালে বর্ধমান-বোলপুর রোডে বড়া গ্রামের কাছে নয়ানজুলি থেকে খালিদ আনোয়ার ওরফে জুগনু (৩৭)-এর দেহ উদ্ধার হয়। প্রথমে মৃতের পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে জানা যায়।
ঘটনার বিষয়ে গুসকরা বিট হাউসের অফিসার ইনচার্জ পুষ্পেন্দু জানা অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে, গুসকরার একটি হোটেলে খাওয়া-দাওয়া করে ওই ৩ জন। সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। ফুটেজ বিশ্লেষণ করে একটি গাড়িতে চেপে ৩ জনকে যাতায়াত করতে দেখা যায়। এরপর আশপাশ এলাকারও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিস। গাড়িটিতে করেই ৩ জন যাতায়াত করে বলে নিশ্চিত হয় পুলিস।
গাড়িটির বিষয়ে খোঁজখবর নিয়ে সেটির মালিক সাইদুর বলে জানা যায়। তাকে বিহারে গিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে খুনে পরভেজের জড়িত থাকার বিষয়ে জানা যায়। এরপর তাকেও গ্রেপ্তার করে পুলিস। তাদের দু’জনকেই টিআই প্যারেডে শনাক্ত করেছেন হোটেলের মালিক ও তাঁর ছেলে। তদন্তের প্রয়োজনে ধৃতদের ১০ দিন হেফাজতে নিতে চেয়ে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার শ্রীধর সেন। ধৃতদের ৬ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment