বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে গ্রেফতার এক মহিলা - The News Lion

বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে গ্রেফতার এক মহিলা

 


দি নিউজ লায়ন;  বর্ধমানে বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে গ্রেফতার এক মহিলা। পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলা এক বৃদ্ধকে দেখভাল করতো। দেখভাল করতে গিয়ে বাড়ি থেকে সোনার গয়না ও টাকা চুরির অভিযোগে ওই আয়াকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃত মহিলার নাম অনিমা মণ্ডল। বর্ধমান থানার মির্জাপুরে ভদ্রপুকুর এলাকায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, বর্ধমান শহরের জগৎবেড় কালাচাঁদ তলার বৃদ্ধ সলিল ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ।


 তাঁর দেখভালের জন্য আয়া রাখা হয়। অনিমা বেশ কিছুদিন বৃদ্ধকে দেখভাল করত। গত ২৪ মে ভ্যাকসিন নেওয়ার কথা বলে সে বাড়ি চলে যায়। পরেরদিন ফোন করে সে আর কাজ করতে চায় না বলে জানিয়ে দেয়। দিনকয়েক পর সলিলবাবুর স্ত্রী আলমারির লকার খুলে দেখেন, সেখান থেকে ১০ ভরি সোনার গয়না ও ৭৫ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। অনিমা চুরি করেছে বলে সন্দেহ হয় পরিবারের লোকজনের। সলিলবাবুর ছেলে অনন্য ভট্টাচার্য ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।


তদন্তে নেমে সোমবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সোনা ও টাকা চুরির কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। চুরি করা সোনার কিছুটা গয়না তৈরির জন্য সে এক স্বর্ণকারকে দিয়েছে বলে পুলিসের কাছে জানিয়েছে ধৃত। বাকি সোনার গয়না ও টাকা তার বাড়িতেই আছে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। সোনার গয়না ও টাকা উদ্ধারের জন্য ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.