নদী বাঁধের উপর বসবাসকারী অসহায় মানুষদের পাশে দাঁড়াল সমীর পাঁজা
দি নিউজ লায়ন; বন্যা কবলিত উদয়নারায়নপুরকে বাঁচাতে বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় দামোদর নদী বাঁধ সংস্কারের কাজ হচ্ছে উদয়নারায়নপুরে। আর এতেই সমস্যায় পড়েছে নদীর বাঁধে বসবাসকারী অস্থায়ী বাসিন্দারা। নদী বাঁধ সংস্কারের প্রয়োজনে তাদের ঘর ছাড়তে হবে। কোথায় থাকবে এই চিন্তায় দিশাহারা বাসিন্দারা। আর এবার তাদের পাশে এসে দাঁড়াল উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা।
বিধায়কের উদ্যোগে ইতিমধ্যে নদীর বাঁধের উপর বসবাসকারী মানুষদের চিহ্নিতকরণ করে তাদের পরিচয় পত্র দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সোমবার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে পরিচয় পত্র তুলে দেন বিধায়ক সমীর পাঁজা। সূত্রের খবর এদিন রামপুর রিংবাঁধ থেকে হাওড়া হুগলি সীমান্ত ২৪ পুর পর্যন্ত বিস্তৃত এলাকার ১৬৯ জন বাসিন্দার হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে খবর আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের একাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি আগামী এক মাসের মধ্যে বাসিন্দাদের জায়গা খালি করতে বলা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়নারায়নপুর ব্লকের বিডিও প্রবীর সিট, উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা।
বন্যাকবলিত হাওড়া জেলার উদয়নারায়নপুরকে বাঁচাতে দামোদর নদীর বাঁধ আমূল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ঠিক হয় বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ দপ্তরের অধীনস্থ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টের মাধ্যমে ২৭০০ কোটি টাকা ব্যয়ে এই সংস্কার হবে। সূত্রের খবর এই প্রকল্পে হাওড়া জেলা ছাড়াও হুগলি ও বর্ধমান জেলা উপকৃত হবে এদিকে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হওয়ার পরে সমস্যায় পড়ে নদী বাঁধে থাকা অস্থায়ী বাসিন্দারা।
তাদের বাড়ি ভাঙ্গা হলে তারা কোথায় থাকবে এই আশঙ্কায় দ্বারস্থ হয় বিধায়ক সমীর পাজার কাছে। বিধায়ক বিষয়টি দেখার জন্য মুখ্যমন্ত্রী কে অনুরোধ করেন। আর এর পরেই রাজ্য সরকারের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয় ঠিক হয় ক্ষতিগ্রস্ত মানুষদের বাসস্থান তৈরি করার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিধায়ক সমীর পাঁজা জানান সোমবার অস্থায়ীভাবে বসবাসকারী মানুষদের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হয়েছে। যাদের জমি নেই তাদের সরকারের পক্ষ থেকে জমির পাট্টা দেওয়া হবে যাতে তারা সেখানে বাড়ি করতে পারে।

Post a Comment