দেড় থেকে দুমিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড গাইঘাটা - The News Lion

দেড় থেকে দুমিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড গাইঘাটা


 দি নিউজ লায়ন;  দেড় থেকে দুমিনিটের   টর্নেডোতে লণ্ডভণ্ড হল গাইঘাটার একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকা। ঝড়ের দাপটে একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে।গাছ পড়ে শতাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সবজি সহ  কলা বাগানের ব্যাপক  ক্ষতি হয়েছে।  ঘরবাড়ি ভেঙে অনেকেই  ক্ষতির সন্মুখিন হয়েছেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রিপল এবং   ত্রাণ সামগ্রী দেওয়ার কাজ শুরু হয়েছে। টর্নেডো বিদ্ধস্ত এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় এলাকাবাসী চরম বিপাকে পড়েছেন।  



স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলের পরেই  শুরু হয়  ঝড় বৃষ্টি । ঝড়ের দাপট এদিন দেখা গেছে গাইঘাটা ব্লকে। দেড়,দু-মিনিটে  টর্নেডো  আছরে পড়ে  জলেশ্বর-১,২, ইছাপুর-১,২, সুঁটিয়া,শিমুলপুর, ফুলসরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঝড়ের তীব্র গতির ফলে জলেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের কাহারপাড়া, আদিবাসী পাড়া, পালপাড়া এলাকার অধিকাংশ  মাটি ও টিনের বাড়ির চাল উড়ে গিয়েছে।ভেঙে গিয়েছে টালির চালও।টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে অন্যত্র।   ইছাপুর পঞ্চায়েতে অনেকেই  ওল চাষ করেন।ঝড়ের ঝাপটায় বড় বড় ওল গাছ মাটির সঙ্গে মিশে গিয়েছে। পটলের মাচা ভেঙে মাটিতে  মিশেছে। বিঘার পর বিঘা কলাগাছ ভেঙে৷ যাওয়ায়  চরম ক্ষতির সম্মুখিন হয়েছেন চাষিরা।


 কাহারপাড়ার বাসিন্দা স্বপন কাহার বলেন বিকেলে ঝড়ের শোঁ শোঁ আওয়াজে ঘরবাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে যায়। কোনও মতে খাটের নিচে ঢুকে জীবন বাঁচাই। বাড়ির টিনের চাল উড়িয়ে ফেলেছে  গাছে। এমনিতেই করোনার জেরে কাজকর্ম বন্ধ।তার উপর এই ঝড় বাড়িঘর সব ভেঙে দিল।রাজ্য  সরকার সহযোগিতা না করলে রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনও উপায় নেই।


 গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন টর্নেডো ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০ বাড়ি আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানতে পেরেছি। প্রচুর গাছ এবং গাছের ডাল ভেঙ্গে যাওয়ায়  বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ও খুটি নষ্ট হয়ে গিয়েছে।  চাষেরও বেশ ক্ষতি হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই  আংশিক এবং সম্পুর্ন   ক্ষয়-ক্ষতির হিসেব করার কাজ চলছে।  ঝড়ের দাপটে  ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলির কাজ শুরু করা হয়েছে। সরকারি নিয়ম মেনেই ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.