অম্বুবাচীর দিন সাতসকালে আম-কাঁঠালের খোঁজে নয়াগ্রামের হাজির দাঁতাল
দি নিউজ লায়ন; জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছে দাতালের দল।মঙ্গলবার অম্বুবাচীর দিন সাতসকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রামে আম-কাঁঠালের খোঁজে হাজির হলো দলমার দাঁতাল রামলাল।যার ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অম্বুবাচী উপলক্ষ্যে এলাকার সবার বাড়িতে আম, জাম,কাঁঠাল সহ বিভিন্ন ফলের আয়োজন করা হয়েছে।তাই এদিন আচমকা রামলাল গ্রামে প্রবেশ করায় ভয়ের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
অম্বুবাচী উপলক্ষে ঝাড়্গ্রাম জেলা জুড়ে বিভিন্ন এলাকায় যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, তেমনি প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের ফল আনা হয় খাওয়ার জন্য। সেই সঙ্গে আত্মীয়-স্বজনদের বাড়িতে ফল পাঠানোর রেওয়াজ রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু যেভাবে আচমকা দলমার দাঁতাল রামলাল এলাকায় হাজির হয়েছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের কপালে। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের কর্মীরা।
কিন্তু রামলাল ওই এলাকা ছেড়ে কোথাও যেতে রাজি নয়। তাই নয়াগ্রাম এর পাতিনা এলাকার বাসিন্দারা রামলাল নামক ওই হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন । বনদপ্তর এর পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার প্রকাশ্য দিবালোকে নয়াগ্রাম ব্লকের নিগুই এলাকায় ৯ নম্বর রাজ্যসড়কের উপর তান্ডব চালায় একটি দাঁতাল হাতি।এদিন আবার সকাল হতে না হতেই রামলাল হাজির পাতিনা গ্রামে। তাই অম্বুবাচীর অনুষ্ঠান নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা।

Post a Comment