ছাত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার এক গৃহশিক্ষক
দি নিউজ লায়ন; গৃহশিক্ষকের হাতে প্রহৃত হয় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। পড়া ঠিকমতো না পারায় ওই ছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রীর বাবা হাওড়ার নিশ্চিন্দা থানায় অভিযোগ করলে পুলিশ গৃহশিক্ষককে গ্রেফতার করে।ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার রাজাপুর প্রফুল্লনগরে। ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রাইভেট টিউশন পড়তে গৃহশিক্ষকের কাছে গিয়েছিল ছাত্রীটি।
এরপর বাড়ি ফিরে সে কান্নাকাটি শুরু করে। জানায় তার শিক্ষক তাকে প্রচন্ড মারধর করেছে। এতে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীটি। অভিযোগ, ঘটনার পরেও অভিযুক্ত গৃহশিক্ষক ছাত্রীর কোনও খোঁজখবর নেবার প্রয়োজন মনে করেননি। উল্টে থানায় অভিযোগ করায় হুমকি পর্যন্ত দেন। অভিযোগ তুলে নেবার জন্য চাপ দিতে থাকেন এমনই জানান ছাত্রীর বাবা। পুলিশ অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় আটক করেন গৃহশিক্ষককে।
পরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, এই ঘটনা প্রসঙ্গে নিগৃহীতা ছাত্রী জানায়, সে স্যারের কাছে পড়া পারেনি। সেই কারণে স্যার তার চোখে, হাতে, পিঠে মেরেছে। এমনকি তার হাত মুচড়ে দিয়েছে বলেও অভিযোগ ছাত্রীর। ওই ঘটনার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায়।
ছাত্রীর বাবা জানিয়েছেন, পড়া পারেনি বলে মারধর করেছেন শিক্ষক। এই ঘটনায় মেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে প্রচন্ডভাবে। ডাক্তারকে দেখানো হয়েছে। সিটি স্ক্যান করতে বলেছেন। মারার খবর পেয়ে তিনি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু কোন সাড়া না দেওয়ায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। এই ঘটনার পর থেকে তাকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তাঁর।
Post a Comment