জলমগ্ন সোনারপুর-রাজপুর এলাকা পরিদর্শনে এলেন লাভলি মৈত্র
দি নিউজ লায়ন; টানা বর্ষণে জলমগ্ন সোনারপুর-রাজপুর পুরসভার বিস্তীর্ণ এলাকায় ও বারুইপুর পুরসভার সামান্য কিছু অংশে। শুক্রবার জল সমস্যা শুনে পরিদর্শনে গেলেন সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্র। জলে নেমেই নিজেই শুনলেন দুর্গত মানুষদের সমস্যার কথা। আশ্বাস দিলেন পুরপ্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার।
শুক্রবার সকাল থেকে বৃষ্টির পরিমান কমলেও সোনারপুর-রাজপুর পুরসভার মিশনপল্লি, শ্রীরামকৃষ্ণপল্লি, গড়িয়া, বৈকুণ্ঠপুর সহ ১৩, ১৪, ১৫,১৭ নম্বর ওয়ার্ড, এখনও জলমগ্ন। কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে। বাসিন্দাদের ঘরে ঢুকে গিয়েছে জল। রাস্তাও জলমগ্ন। অনেকেই দোকান বন্ধ করে দিয়েছেন। কেউ কেউ জলে মাছ ধরতে নেমেছেন। অনেকের রান্নাঘরে জল ঢুকে রান্না বন্ধ হয়ে গিয়েছে। চরম নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে মানুষ।
বাসিন্দাদের অভিযোগ, নর্দমা পরিস্কার না হওয়ায় এই সমস্যা ফি বছর। নিকাশি নিয়ে কাজ করেনি পুরসভা। কবে এই সমস্যা দূর হবে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এদিন পুরসভার ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকা দেখতে যান বিধায়ক লাভলি মৈত্র। অনেকেই বিধায়ককে কাছে পেয়ে নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ করেন। বিধায়ক বলেন, সমস্যা দ্রুত মেটানোর চেষ্টা করা হচ্ছে। পুরসভা পাম্প চালিয়ে জল নামানোর কাজ করছে।
সোনারপুরের পাশাপাশি বারুইপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া জল সরলেও গলিতে জল জমে আছে। নাজেহাল অবস্থা পুরসভার ১৪ ও ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চানন তলা থেকে অক্ষয় সংঘ ক্লাব পর্যন্ত রাস্তায়। এখনও হাঁটু সমান জল রয়েছে। জলে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

Post a Comment