রাতভোর বৃষ্টিতে কালীনগরে রাস্তার ধস আরও ভয়াবহ আকার নিল
দি নিউজ লায়ন; বুধবার দুপুরে কালিনগর পশ্চিম বাজারের ৫০ মিটার বসে যাওয়া রাস্তা রাতভোর বৃষ্টিতে আরও ভয়াবহ আকার নিল। ধস নেমে রাস্তা আরও কয়েক ফুট নিচে নেমে গেল। অন্যদিকে রাস্তা ক্রমশ নিচে নেমে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর মাস তিনেক আগে কালিনগর পশ্চিম বাজারে রাস্তায় ফাটল দেখা দেয়।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা রাস্তা মেরামত করলেও গত কয়েক দিন বৃষ্টির ফলে বুধবার সকালে ফাটল অনেকটাই বাড়ে। এমনকি দুপুরে সেই ফাটল বেড়ে রাস্তা কয়েক ফুট নিচে নেমে যায়। এদিকে রাস্তায় ধস নামায় স্থানীয় চাপার খালের পাশে থাকা একাধিক দোকান হেলে পড়ে। ব্যবসায় ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা দোকান থেকে মালপত্র বের করে নেয়। এদিকে বুধবার সারারাত বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তার ধস আরো বাড়ে।
এমনকি আশেপাশের একাধিক দোকানে ফাটল দেখা দেয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকান থেকে মালপত্র সরাতে থাকে। এদিকে এলাকায় ধসের খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে,ও সেচ দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বৃহস্পতিবার দুপুর থেকেই হেলে পড়া দোকান ভাঙর কাজ শুরু করেছে সেচ দপ্তর।

Post a Comment