বেআইনিভাবে বাড়িতে ৭টি কেউটে সাপ রাখার অভিযোগে গ্রেফতার ১
দি নিউজ লায়ন; বেআইনিভাবে বাড়িতে কেউটে সাপ রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে শ্যামপুর থানার কমলপুর থেকে শেখ সামসেদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। ধৃতের কাছ থেকে ৭ টি কেউটে সাপ ও একটি সিঙ্গেল শাটার বন্দুক উদ্ধার করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার জয়কৃষ্ণপুরের বাসিন্দা সামসেদ আলী কমলপুরে থাকত। জানা গেছে শ্যামপুর এলাকায় জালে বা মুগরিতে সাপ আটকে থাকায় খবর পেলেই সামসেদ আলী সেখানে গিয়ে সাপ উদ্ধার করত। এমনকি মাঝে মধ্যে সাপ কিনেও নিত সামসেদ। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে সেইরকম জালে আটকে পড়া একটি কেউটে সাপ উদ্ধার করতে সামসেদ আলী আসলে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা তার ছবি তুলে রাখেন ।
পরে তাদের সন্দেহ হলে তারা বন দফতরে জানালে বন দফতরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় কমলপুর গ্রামে গিয়ে সামসেদ আলীর বাড়ি তল্লাশি করে কেউটে সাপ ও বন্দুক উদ্ধার করে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃত ব্যাক্তি সাপের চোরাচালান বা সাপের বিষ বিক্রির কাজে যুক্ত কিনা বন দফতর খতিয়ে দেখছে।

Post a Comment