পরকীয়ার শাস্তি হিসাবে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরালো এক গৃহবধূকে
দি নিউজ লায়ন; রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে পরকীয়ার শাস্তি হিসাবে এক গৃহবধূকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরালো গ্রামবাসীরা।স্থানীয় সূত্রে জানা যায় যে প্রতাপপুর গ্রামের এক গৃহবধূ প্রায় দু বছর আগে প্রতিবেশী এক যুবকের সাথে পালিয়ে যায় ।ওই গৃহবধূর দুই সন্তান আছে। বিবাহবিচ্ছেদ না করে ওই যুবকের সঙ্গে গৃহবধূ চলে যায় বলে অভিযোগ। দু'বছর পরে গত ২৫ শে জুন রাতে ওই গৃহবধূ সেই যুবকের সঙ্গে তার বাড়িতে এসে ওঠে।
বিষয়টি গ্রামবাসীরা জানতে পারে। এরপর ২৬ শে জুন ওই গ্রামে গণআদালত বসিয়ে ওই গৃহ বধূর পরকীয়ার বিচার করা হয়। বিচার করে গ্রামের মোড়লরা।রবিবার সকালে মোড়লদের নির্দেশমতো ওই গৃহবধূর পরকীয়ার জন্য শাস্তি হিসেবে তার গলায় জুতার মালা পরিয়ে গোটা প্ৰতাপপুর গ্রাম ঘোরানো হয়। এই আদিম যুগীয় ঘটনাটি মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে । যার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ ।
ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে ঘাটাল থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । সেই সঙ্গে কি কারণে ঠিক ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ঘাটাল থানার পুলিশ। তবে আদিম যুগীয় ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ঘাটাল মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক বলেন ঘটনাটি অতি অমানবিক। যারা ঐ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment