মালদা জেলা পরিষদের ভাগ্য নির্ধারণ ৮ জুলাই
দি নিউজ লায়ন; মালদা জেলা পরিষদ কার দখলে থাকবে ঠিক হতে চলেছে আগামী ৮ জুলাই। তৃণমূলের ২৩ সদস্যের অনাস্থা প্রস্তাবের দাবিপত্র পাওয়ার পর আগামী ৮ জুলাই মালদা জেলা পরিষদের অনাস্থা পেশ হবে। সেখানেই মালদা জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে তৃণমূলকে। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, ৩৮ আসনের জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠতায় ইতিমধ্যে তাদের হাতে ২৩ জন নির্বাচিত সদস্য রয়েছে ।
কাজেই তারা একপ্রকার নিশ্চিত মালদা জেলা পরিষদ দখল করছে তৃণমূল । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের অনাস্থা আনার বিষয়ে তৃণমূলের ২৩ জন নির্বাচিত সদস্য স্বাক্ষর করে মালদা ডিভিশনাল কমিশনার অফিসে আবেদন পত্র দিয়েছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৮ জুলাই মালদা জেলা পরিষদের অনাস্থা পেশ করার দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের মোট ৩৭ জন সদস্যের কাছে ওইদিনের অনাস্থা প্রস্তাবের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা পরিষদের নির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসকের উপস্থিতিতে অনাস্থা বৈঠক জেলা পরিষদে ৮ জুলাই অনুষ্ঠিত হবে।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, জেলা পরিষদের নির্বাচিত ২৩ জন সদস্যের স্বাক্ষর করা অনাস্থার চিঠি মালদা ডিভিশনাল কমিশনার অফিসে দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে অনাস্থার দিন ঠিক করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের কাছে সেই চিঠি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, জেলা পরিষদের একক সংখ্যাগরিষ্ঠতা জন্য ১৯ টি আসনের প্রয়োজন।
কিন্তু আমাদের ইতিমধ্যে ২৩ জন নির্বাচিত সদস্য রয়েছে । ফলে একক সংখ্যাগরিষ্ঠতায় আমরা জেলা পরিষদ এবার দখল করছি। বিজেপির যিনি সভাধিপতির আছেন , তার বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তাব আমরা জানিয়েছিলাম । প্রশাসন থেকে সেই অনাস্থা প্রস্তাবের দিন ৮ জুলাই ঠিক করা হয়েছে। ইতিমধ্যে বিজেপি ছেড়ে আরো বেশকিছু জেলা পরিষদের নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। এবিষয়ে জেলা এবং রাজ্য নেতৃত্ব ভাবনা চিন্তা করছে। তবে নতুন করে আবার মালদা জেলা পরিষদে বোর্ড গঠন করবে তৃণমূল।

Post a Comment