রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার বালিতে - The News Lion

রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার বালিতে




দি নিউজ লায়ন ;  রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেই তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়। গত দু'দিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভ, অবরোধ, কুশপুতুল দাহ এবং বিভিন্ন জায়গায় পোস্টার চোখে পড়েছিল। মঙ্গলবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশিন্দার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন, রামচন্দ্রপুর বাজার, নিশ্চিন্দা থানার সামনে বালি হল্ট, বেলুড় স্টেশন, ষষ্ঠীতলা মোড়, ঘোষপাড়া বাজার, বামনডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। 


পোস্টারে লেখা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছেন এরপর তাঁর এই বাংলায় আর ঠাঁই নাই। মীরজাফর গদ্দার বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ে ঠাঁই নাই। ১০ বছর দলের হয়ে খেয়ে সেই দলের কর্মীদের মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়া চলবে না। এবিষয়ে হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিকাশ দে জানিয়েছেন, ডোমজুড়বাসীকে উনি বিভিন্ন আশ্বাস, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন। অচিরেই তিনি শুধু তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে নয়, ডোমজুড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করে দল ছেড়ে চলে গেছেন।


 সেই কারণে ডোমজুড় ক্ষোভের বহিঃপ্রকাশ করছে বিভিন্ন পোস্টারিং বিক্ষোভের মধ্য দিয়ে। আজ তা গোটা বাংলার মানুষ দেখছেন। অনেক জায়গায় তৃণমূল  কর্মীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। উনি দীর্ঘ ১০ বছর তৃণমূল দলের থেকে বিভিন্ন সাহায্য, সুবিধা পাওয়ার পরেও অসময়ে দল ছেড়ে চলে গেছেন। অন্য দলে গিয়ে সাধারণ  তৃণমূল কর্মীদের উপর মারধর, তাদের বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে। এসবের কারণে তৃণমূল কর্মীরা এই বেইমানি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সঙ্গে সারা ডোমজুড়বাসীও সোচ্চার হয়েছেন।"


অন্যদিকে, রাজীব প্রসঙ্গে বিজেপির ডোমজুড় ৩ নম্বর মন্ডলের সভাপতি রামকৃষ্ণ সেনেতি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে যখন তার পুরনো দল যোগ্য সম্মান দেয়নি, বিজেপি নেতৃত্ব তাকে যোগ্য সম্মান দিয়ে দলে যোগদানের ব্যবস্থা করেছিল।  ডোমজুড় বিধানসভা কেন্দ্রে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে তিনি যা বলছেন তাতে আমরা কনফিউসড উনি বিজেপি করবেন নাকি ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন। সে ব্যাপারে উনিই ভালো বলতে পারবেন। বিজেপি দল একটা পবিত্র গঙ্গা। এই গঙ্গায় জোয়ারের সময় অনেক বর্জ্য পদার্থ আসে কিন্তু গঙ্গার পবিত্রতা নষ্ট হয়না। মানুষ চিনবে, মানুষ ওনার বিচার করবেন। আমরা মনে করি যত তাড়াতাড়ি বদ রক্ত শরীর থেকে বেরিয়ে যাবে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বিজেপিতে থাকতে ওনার যদি কোন সমস্যা থাকে তাহলে  উচিত নেতৃত্বের সঙ্গে কথা বলে বিষয়টির নিষ্পত্তি করা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.