মানিকচকের গঙ্গার ঘাটে আচমকা কুমিরের দেখা মেলায় আতঙ্কিত এলাকাবাসী - The News Lion

মানিকচকের গঙ্গার ঘাটে আচমকা কুমিরের দেখা মেলায় আতঙ্কিত এলাকাবাসী

 


দি নিউজ লায়ন;   মানিকচকের গঙ্গার ঘাটে আচমকা কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।  স্থানীয় বাসিন্দাদের দাবি , একটি নয় বেশ কয়েকটি কুমির নদীর ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে।  যার ফলে মানিকচকের সোনপুর এলাকার গঙ্গার ঘাটে মৎস্যজীবীরা মাছ ধরতে ঝুঁকি নেওয়ার সাহস পাচ্ছে না।  এমনকি কুমির আতঙ্কের জেরে ওই ঘাটে সাধারণ মানুষও যাওয়া রীতিমতো বন্ধ করে দিয়েছে। গোটা এলাকা জুড়ে এখন কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে । 


যদিও এব্যাপারে মানিকচক বন দফতরের কর্তারা অবশ্য কোনো মন্তব্য করেন নি । জেলা বন দফতরের এক কর্তা জানিয়েছেন, গঙ্গা নদীতে মাঝে মধ্যে ঘড়িয়াল প্রজাতির জলজ প্রাণী দেখা যায়। তবে কিছু মানুষ কুমির আতঙ্কের কথা বলেছে। সেটা এখনো বনদপ্তরের নজরে আসে নি। তবে বিষয়টি অবশ্যই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


মানিকচক থানার সোনপুর এলাকার গঙ্গা নদীর তীরে বসবাসকারী একাংশ বাসিন্দাদের বক্তব্য, মঙ্গলবার বিকালে এই এলাকার নদীপাড়ে কুমির দেখা গিয়েছিল। কিন্তু সন্ধ্যা পেরিয়ে যাওয়ার কারণে মানুষজন বিষয়টি নিয়ে সেভাবে মাথা ঘামাই নি।  বুধবার সকালবেলা সোনপুর গঙ্গা নদীর ঘাটে কিছু মৎস্যজীবী নৌকায় মাছ ধরতে যান । সেই সময় নদীপাড়ে বেশ কয়েকটি বড় সাইজের কুমির ঘোরাফেরা করতে দেখেন তারা। এরপরই ঘাটে নৌকা ভিরিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন ওই মৎস্যজীবীরা। তারপরে ঘাটে বিপুল পরিমাণে লোক জমা হতে শুরু করে। বেশকিছু মানুষ নদীতে ঘোরাঘুরি করা কুমিরের ছবি মোবাইলে ক্যামেরা বন্দি করে রাখে। আর এই ঘটনার পর থেকে সোনপুর ঘাটে এদিন মৎস্যজীবীরা মাছ ধরতে যান নি। এমনকি নদীর ঘাটে যাতে মানুষজন স্নান করতে না নামে, সেই ব্যাপারে স্থানীয় বাসিন্দারা সতর্ক করেছেন।


সোনপুর এলাকার একাংশ মৎস্যজীবীদের বক্তব্য, এর আগেও গঙ্গা নদীর ঘাটে ঘড়িয়াল জাতীয় জলজ প্রাণী দেখা দিয়েছিল। কিন্তু বহু বছর পর এই প্রথম গঙ্গা নদীর ঘাটে কুমিরের দেখা মিললো। তিন থেকে চারটি কুমির একসঙ্গে ঘাটের পার বরাবর ঘুরে বেড়াচ্ছে । যা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। বনদপ্তর এবং স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি জানানো হয়েছে । কিন্তু তাদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো রকম হেলদোল দেখানো হয় নি। এই অবস্থায় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে কিভাবে যাবেন তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন।


মানিকচকের বিডিও জয় আমেদ জানিয়েছেন, সোনপুর এলাকার গঙ্গা নদী পাড়ের কিছু মানুষ কুমির দেখা পাওয়ার কথা জানিয়েছে । বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে। তবে কুমির না ঘড়িয়াল না দেখে বলা সম্ভব নয় ‌‌। কখনো-সখনো এই ধরনের জলজ প্রাণী গঙ্গা নদীর ঘাটে দেখা যায়। এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো বিষয়টি বনদপ্তর খোঁজ নিয়ে দেখছে। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.