এবার কোভিড কেয়ার সেন্টার চালু হচ্ছে আলিপুরদুয়ারে
দি নিউজ লায়ন; এবার কোভিড কেয়ার সেন্টার চালু হচ্ছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের শিলতোর্ষা পি টি টি আই কলেজে চলা সেফ হাউসকেই কোভিড কেয়ার সেন্টারের উন্নিত করা হচ্ছে। শুক্রবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিন ডুয়ার্স কন্যার কনফারেন্স হলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গের স্বাস্থ্য বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত রায়। এই বৈঠকে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গীরিশ চন্দ্র বেরা সহ বিভিন্ন ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও সুপাররা উপস্থিত ছিলেন। এই বৈঠকে জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আলিপুরদুয়ারের পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। জানা গিয়েছে এই মুহুর্তে আলিপুরদুয়ার জেলায় সরকারিভাবে ১৭৫ টি কোভিড রোগীদের জন্য বেড রয়েছে। তবে অন্যান্য জেলার তুলনায় এই জেলায় বেডে কম সংখ্যক রোগীর চাপ রয়েছে। জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলা কোভিড হাসপাতালে( আয়ুষ হাসপাতাল) ১১০ টি বেড রয়েছে। এর মধ্যে সিসিইউ রয়েছে ১৭ টি বেডে। এই সিসিইউ বাড়িয়ে ২০ টি করার কথা ভাবা হচ্ছে। এছাড়া আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালেও ১৫ টি কোভিড বেড রয়েছে। সর্বত্র বেড ফাকা রয়েছে। এই জেলায় মৃত দেহ সতকার খুব ভালোভাবে হচ্ছে বলেও এদিন বৈঠকে মত প্রকাশ করেছেন উত্তরবঙ্গের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়। এদিন বৈঠকের পর সুশান্ত রায় বলেন, “ আলিপুরদুয়ার অত্যন্ত ভালো জায়গায় রয়েছে।
এখানে আমরা চাইলেই এই মুহুর্তে ৫০ টি বেড বাড়াতে পারি। কিন্তু আমরা বুঝতে পারছি না পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রাস্তায় মানুষকে শুতে হয় কি না। সেই কারনে আমরা বেড বাড়াচ্ছি। এছাড়া শিলতোর্ষা পিটিটি আই কলেজের সেফ হাউসকে আমরা কোভিড কেয়ার ইউনিটে রুপান্তরিত করছি। সাধারনত সেফ হাউসে তিনটে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পরিষেবা দেওয়া হয়। কিন্তু কোভিড কেয়ার সেন্টারে ১০ সিলিন্ডার অক্সিজেন সহ পরিষেবা দেওয়া হবে। সর্বত্র অক্সিজেন পরিষেবা উন্নয়ন করার কথা ভাবা হচ্ছে। এই জেলায় রোগী আনা নেওয়ার প্রক্রিয়া আরো উন্নত করা হচ্ছে। এখানে মৃতদেহ সতকার নিয়ে কোন সমস্যা নেই। মৃতদেহ সতকার নিয়ে এই জেলা খুব ভালো কাজ করছে।” এদিন বৈঠকে উত্তরবঙ্গের কোভিড মোকাবিলায় বিশেষ দায়িত্ব প্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়ের প্রশংসা পাওয়ায় খুশি প্রকাশ করেছেন জেলার প্রশাসনিক কর্তা ও স্বাস্থ্য কর্তারা।

Post a Comment