আরও নতুন দুই সেফ হাউস খুলল আলিপুরদুয়ার জেলা প্রশাসন
দি নিউজ লায়ন; আলিপুরদুয়ার জেলায় আরো নতুন দুই সেফ হাউস খুলল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই দুই সেফ হাউসের মধ্যে একটি কালচিনি ও অন্যটি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে। বুধবার এই নতুন দুই সেফ হাউস পরিদর্শনে যান আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও অন্যান্য প্রশাসনিক কর্তারা। নতুন দুটি সেফ হাউস পরিদর্শনের পর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, "আমরা আরও দুই নতুন সেফ হাউস খুলেছি। এর আগে জেলাতে চারটি সেফ হাউস ছিল। নতুন দুই সেফ হাউস নিয়ে এখন জেলাতে মোট ৬ টি সেফ হাউস চালু রয়েছে।
করোনা সংক্রমণ রুখতে প্রশাসন সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। সকলেই সতর্ক থাকুন। ভয়ের কোন কারন নেই। সরকারি নির্দেশ মেনে চলুন।" আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, " জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা টিকা দেওয়ার কাজ করছি। পরিবহনকর্মী ও হকারদের করোনার প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হচ্ছে। জেলা প্রশাসন যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে আমরা সেই ভাবেই টিকা দিচ্ছি। করোনা সংক্রমণ রক্ষার সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনসাধারণের কাছে সতর্কতা ও সচেতন থাকার আবেদন করছি। জেলায় আরো দুটি নতুন সেফ হাউস খোলা হয়েছে।"

Post a Comment