করোনার জের, শিয়ালদহ শাখায় বাতিল হলো ৫৪ জোড়া লোকাল ট্রেন - The News Lion

করোনার জের, শিয়ালদহ শাখায় বাতিল হলো ৫৪ জোড়া লোকাল ট্রেন

 


দি নিউজ লায়ন;  রাজ্যে ব্যাপকহারে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুরপাল্লা ট্রেনের পর এবার বাতিল হলো একগুচ্ছ লোকাল ট্রেন। শুধুমাত্র শিয়ালদহ শাখায় বাতিল করা হয়েছে ৫৪ জোড়া লোকাল ট্রেন। ইতিমধ্যে শিয়ালদহ শাখার ৭৫০ জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পূর্বরেলে করোনা আক্রান্ত হয়েছেন ১২০০ জন কর্মী। যাদের মধ্যে বেশীরভাগই ট্রেন চালক ও ট্রেনের গার্ড।ফলে ট্রেন চালাতে সমস্যায় পড়ছে রেল। রেলের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই নিত্য যাত্রীরা যে সমস্যায় পড়বেন তাতে কোনও সন্দেহ নেই। 


গতকাল পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাময়িকভাবে সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূর পাল্লার ট্রেন বাতিল করার পিছনে অন্যতম কারণ ছিলো করোনার কারণে যাত্রী না হওয়া। তবে গত বছর করোনা কালে যেভাবে ট্রেন বন্ধ  রাখা হয়েছিলো এবারে করোনা সংক্রমণ বাড়লেও আগের বারের মতো সেভাবে ট্রেন বন্ধ রাখা হবে না বলে রেলের তরফে জানানো হয়েছে। এদিকে রাজ্যে করোনার ভয়াবহতার কারণে রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে এই আংশিক লকডাউন। 


রাজ্যের বাজারগুলি খোলা রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর ফের বিকাল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। তবে এক্ষেত্রে মুদি দোকান ও ওষুধের দোকানে ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে অত্যবশ্যকীয় পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শপিং মল, সিনেমা হল, বিউটি পার্লার, স্পা, জিম। বিয়েবাড়ি সহ সমস্ত রকমের সামাজিক অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.