বিশ্বাসঘাতক, গদ্দারদের আর দলে ঠাঁই না দেওয়ার আবেদন অরূপদের
দি নিউজ লায়ন; বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। দলের এই সুসময়ে একদা দল ছেড়ে চলে যাওয়া গদ্দার, বিশ্বাসঘাতকদের দলে আর ফিরিয়ে না নেওয়ার জন্য দলের কাছে আবেদন জানালেন অরূপ রায়রা। মঙ্গলবার বিকেলে হাওড়ায় দলের সদর কার্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিধায়ক তথা বিদায়ী মন্ত্রী অরূপ রায় বলেন, "যারা বিশ্বাসঘাতক, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যারা যুদ্ধের সময়ে গদ্দারের মতো অন্য দলে চলে গিয়েছিলেন, তাঁদের যেন কোনওভাবেই আর দলে ফেরানো না হয় এটা আমাদের সকলেরই আবেদন দলের কাছে।"
অরূপ রায় দাবি করেন, হাওড়াতেও দলের এই বিশাল সাফল্য দেখে অনেকেই দলে আসতে চেয়ে যোগাযোগ করছেন। আমরা আমল দিইনি। অরূপ রায় বলেন, "যারা বেরিয়ে গিয়েছিল, যারা আমাদের দল থেকে সুবিধা ভোগ করে আরেকটা দলের সুবিধা নিতে গিয়েছিল, তারা প্রলোভন আর অর্থের লোভে চলে গিয়েছিল। নির্বাচনে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে এটা প্রমাণ করেছে আপদ বিদায় হয়েছে।" এদিন হাওড়া সদরের সদ্যজয়ী রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, মনোজ তিওয়ারি, নন্দীতা চৌধুরী, প্রিয়া পাল, গুলশন মল্লিক, কল্যাণ ঘোষ, সীতানাথ ঘোষকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন অরূপ রায়। ওই বৈঠকে দলের সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সকল জয়ী বিধায়ককে পুষ্পস্তবক দিয়ে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সদরের চেয়ারম্যান তথা বিধায়ক অরূপ রায় এদিন নাম না করে মোদী, শাহ, নাড্ডা সহ যোগী আদিত্যনাথদের উদ্দেশ্যে একহাত নেন। অরূপ রায় বলেন, "ভাড়া করা সৈন্য এনে যুদ্ধ জেতা যায়না।
বাইরে থেকে এসে ভাড়া করা সৈন্য দিয়ে বাংলা দখল করা যে সম্ভব নয়, সেটা এবার নির্বাচনে প্রমাণ হয়ে গেছে। আমরা নির্বাচনের আগে চ্যালেঞ্জ নিয়েছিলাম হাওড়ায় ১৬ - ০ রেজাল্ট করব। মানুষের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষ দু'হাত ভরে আশীর্বাদ করেছেন। আমরা জিতেছি। গুজরাত, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্য থেকে এসে বাংলার ক্ষমতা দখল করবে বাস্তবে এটা সম্ভব নয়। বাংলায় মমতার নেতৃত্বে তৃণমূলের শক্ত মাটি। শিকড় পর্যন্ত পৌঁছে গেছে। সেই শিকড় উপড়ে ফেলার ক্ষমতা বিজেপি কেন, কোনও রাজনৈতিক দলেরই নেই।" হাওড়ায় বিজেপির পার্টি অফিসে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, "আমরা বিজেপিকে কোনও রাজনৈতিক দল বলে মনে করিনা। অপরের সমর্থন নিয়ে সিপিএমের ভোটে তারা যেটুকু ভোট পাবার পেয়েছে। বিজেপির পার্টি অফিস ভাঙার মানসিকতা আমাদের নেই। এরসঙ্গে আমাদের কর্মীরা যুক্ত নয়।"

Post a Comment