হাওড়ায় ধূলিসাৎ বিজেপি, ১৬ - ০ তে জয়ের পথে তৃণমূল - The News Lion

হাওড়ায় ধূলিসাৎ বিজেপি, ১৬ - ০ তে জয়ের পথে তৃণমূল

 


দি নিউজ লায়ন;   সম্পূর্ণ ফলাফল হাতে না এলেও হাওড়ায় ১৬ - ০ ব্যবধানে জয়ের পথে এগোচ্ছে তৃণমূল। এখনও পর্যন্ত শিবপুর, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, জগৎবল্লভপুর, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, পাঁচলা কেন্দ্রে সরকারিভাবে তৃণমূলের জয়ের খবর এসেছে। বাকি কেন্দ্রগুলিতেও জয়ের দোরগোড়ায় রয়েছে তৃণমূল। এবার হাওড়ায় বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার। কার্যত গেরুয়া বাহিনীকে দুরমুশ করে ১৬ - ০ তে জয়ের পথে তৃণমূল। দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া বিজেপির হয়ে লড়েও তৃণমূলের কাছে ধরাশায়ী হয়েছেন। হাওড়ায় স্বভাবতই এই বিপুল জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।


এদিন সময় যতই এগিয়েছে ততই একে একে তৃণমূল কংগ্রেসের বিজয়রথ এগোতে থাকে। জয়ের খবর আসতে থাকে। উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। রাস্তায় আতসবাজি ফাটতে থাকে। সবুজ আবির খেলা হয়। তৃণমূলের বিপুল জয়ের ছবি সর্বত্রই দেখা যায়। বেলুড়েও উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। সেখানে তৃণমূল কর্মীদের জমায়েত দেখে পুলিশ ছুটে আসে। আসে র‍্যাফ। কোভিড প্রটোকল থাকায় তৃণমূল কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে হাওড়ার বালি কেন্দ্রে রানা চট্টোপাধ্যায়, উত্তর হাওড়ায় গৌতম চৌধুরী, মধ্য হাওড়ায় অরূপ রায়, শিবপুর কেন্দ্রে মনোজ তেওয়ারি, দক্ষিণ হাওড়া কেন্দ্রে নন্দিতা চৌধুরী, সাঁকরাইল কেন্দ্রে প্রিয়া পাল, ডোমজুড় কেন্দ্রে কল্যাণ ঘোষ, জগৎবল্লভপুর কেন্দ্রে সীতানাথ ঘোষ, পাঁচলা কেন্দ্রে গুলশন মল্লিক, আমতা কেন্দ্রে সুকান্ত পাল, বাগনান কেন্দ্রে অরুণাভ সেন, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে পুলক রায়, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে নির্মল মাজি, উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে বিদেশ বসু, শ্যামপুর কেন্দ্রে কালিপদ মণ্ডল এবং উদয়নারায়ণপুর কেন্দ্রে সমীর কুমার পাঁজা জয়ের পথে এগিয়ে রয়েছেন। এদিন অরূপ রায় বলেন, আমি নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই বলে এসেছি হাওড়ায় ১৬ - ০ ফল হবে। তাই হয়েছে।


 যারা দল ছেড়ে চলে গিয়েছিল মানুষ তাদের জবাব দিয়েছে। এদিন জয়ের পর হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী জানান, এই জয় মানুষের জয়। উত্তর হাওড়া মমতা ব্যানার্জির ঘাঁটি। অনেক লড়াই করে সংগ্রাম করে এখানকার জমি পেয়েছেন। সারা বাংলায় আমরা দু'শোর বেশি আসন পাব। এই জয় মানুষের জয়। মানুষ কাদের সঙ্গে আছেন তা প্রমাণ হয়ে গিয়েছে। এই জয়ের উত্তর হাওড়া মানুষের জয়। এদিন জয়ের পর মনোজ তেওয়ারি বলেন, অনেকেই বলেছিল তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আসছে। অনেকে বলেছিল মমতা হারছে। কিন্তু তার দাবি মমতা ব্যানার্জিকে হারানোর মতো কোনও নেতা জন্মায়নি, জন্ম নেবে না। মমতা সহ সকল কর্মীকে এই জয় উৎসর্গ করছি। এই শিবপুরকে নতুন শিবপুর করতে কাল থেকেই কাজ শুরু করব। আর যে কাজগুলো বাকি আছে সেগুলো ভালো করে করতে হবে। প্রথমদিকে লড়াই কঠিন ছিল। পরবর্তীকালে ভালো প্রস্তুতি ভালো করেছি এবং আত্মবিশ্বাস ছিল বলে লড়াইটা পরে অনেক সহজ হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.