রবিবার ২মে ভোট গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও
দি নিউজ লায়ন; রবিবার ২মে ভোট গণনার আগে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে হাওড়াতেও। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ১১টি ভোটগণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে এইসব কেন্দ্রে ভোটগণনা হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রত্যেক ভোটগণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে। প্রথমে কেন্দ্রে ঢোকার মুখে, তারপর গণনা কেন্দ্রের ঢোকার মুখে এবং ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে। গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। রাজনৈতিক দলের কর্মীদের গণনা কেন্দ্রের বাইরে এবার কোনওরকম জমায়েতের অনুমতি দেওয়া হয়নি।
রাজনৈতিক দলের প্রার্থী, কাউন্টিং এজেন্ট এবং ভোটের কর্মীদের প্রত্যেকের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে অথবা কোভিড ভ্যাক্সিন এর ২টি ডোজ নেওয়ার প্রমাণ থাকলে তবেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে। এছাড়া কোভিড প্রটোকল মেনে কাউন্টিং সেন্টারগুলিকে স্যানিটাইজ করা হয়েছে। বিধানসভা নির্বাচনে হাওড়ার সদর এবং গ্রামীণ এলাকায় এবার মোট ১১টি নির্বাচনী গণনা কেন্দ্র করা হয়েছে। বালি এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের গণনা হবে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষামন্দির বিএড কলেজে।হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের গণনা হবে হাওড়া ময়দান সেন্ট থমাস চার্চ স্কুলে। শিবপুর এবং হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গণনা হবে আইআইইএসটি শিবপুরের আইটিআই বিল্ডিংয়ে। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের গণনা হবে সিকম ইঞ্জিনিয়ারিং কলেজে। পাঁচলা বিধানসভা কেন্দ্রের গণনা হবে নয়াচক যদুনাথ হাইস্কুলে।
উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ এবং আমতা কেন্দ্রের গণনা হবে উলুবেড়িয়ার সিআইটি বাণীতবলাতে।উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে সিআইপিটি'তে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে।বাগনান বিধানসভা কেন্দ্রের গণনা হবে ভারত একাডেমিতে উদয়নারায়ণপুর বিধানসভার গণনা করা হবে উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালযয়ে।জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের গণনা হবে শোভারানী মেমোরিয়াল কলেজে এবং ডোমজুড় কেন্দ্রের গণনা হবে আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে।

Post a Comment