রেলকর্মীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মেমারির সহকারী স্টেশন মাস্টার - The News Lion

রেলকর্মীর ছেলেকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মেমারির সহকারী স্টেশন মাস্টার

 


দি নিউজ লায়ন;    রেলকর্মীর ছেলেকে মারধরের অভিযোগে মেমারির সহকারী স্টেশন মাস্টারকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রাহুল ঘোষ। পুলিস জানিয়েছে, মনোজ শর্মা রেলের কর্মী। তিনিও মেমারির রেল কোয়ার্টারে থাকেন। তাঁর কোয়ার্টারের সামনে একটি বাইক দাঁড় করানো ছিল। কোয়ার্টারে ঢোকার সময় সহকারী স্টেশন মাস্টার সেটি দেখতে পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। মনোজ শর্মার ছেলে মনীশ বাইক ফেলে দেওয়ার কারণ জানতে চান। 


এনিয়ে বচসা বাধলে মনীশকে মারধর করা হয়। তাঁকে বাঁচাতে এলে মনীশের দিদি ও বোনকেও মারধর করা হয়। এমনকি তাঁদের গালিগালাজ করা হয়। রেলকর্মী ও তাঁর স্ত্রীকেও মারধর করা হয়। কয়েকজন প্রতিবেশী তাঁদের বাঁচাতে আসেন। তাঁদেরও রাহুল মারধর করে বলে অভিযোগ। মারধরে মনীশের মাথা ফাটে। মেমারি হাসপাতালে তাঁর মাথায় ৩টি সেলাই হয়। 


রাতেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মনীশ। ঘটনার সময় সহকারী স্টেশন মাস্টার মদ্যপ অবস্থায় ছিলেন বলে তাঁর অভিযোগ। এরপরই শনিবার ভোরে রেলের কোয়ার্টার থেকে মেমারি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.