কোচবিহারে দফায় দফায় বিক্ষোভের মুখে রাজ্যপাল
দি নিউজ লায়ন; অশান্তি পাকাতে গিয়ে কোচবিহারে বিক্ষোভের মুখে পড়লেন পদ্ম পাল। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মুখে পড়ে দৃশ্যত মেজাজ হারালেন তিনি। এমনকি পুলিশকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুমকি দিতে শোনা গেল তাঁকে। বৃহস্পতিবার সকালে কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে চান তিনি। বিশেষ করে যে সমস্ত এলাকায় রাজনৈতিক উত্তেজনা হয়েছিল সেই এলাকা পরিদর্শনে গিয়ে মানুষের সাথে কথা বলার চেষ্টা করেন। আর সেখানেই বিপত্তি। মাথাভাঙ্গা, শীতলকুচি, সিতাই, দিনহাটা, কোচবিহার সদর সবখানেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। তাকে গো ব্যাক স্লোগানের পাশাপাশি কালোপতাকা দেখানো হয়। দিনহাটা শহরে উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে পড়েন জাগদীপ ধনকার, চিৎকার করতে থাকেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
শেষমেষ নিজের মেজাজ হারান তিনি। দিনহাটা মদনমোহন বাড়ির সামনে দাঁড়িয়ে দিনহাটার আইসি সঞ্জয় পাল এবং মহকুমা পুলিশ আধিকারিক কে আঙ্গুল তুলে শাসাতে দেখা যায় তাকে। তার এই আচরণ রীতিমতো হাস্যকর বলে দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। পার্থ বাবু বলেন, দিনহাটার বুকে দাঁড়িয়ে আক্রান্ত প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর সাথে দেখা না করে যারা তাকে আক্রমণ করেছে তাদের বাড়িতে গিয়ে দেখা করেছেন রাজ্যপাল। তাকে ধিক্কার জানিয়েছেন পার্থবাবু।
রাজ্যপালের ভূমিকার বৃহস্পতিবার ফের একবার সমালোচনা করেন প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি বলেন রাজ্যপালের সফর উদ্দেশ্য প্রণোদিত অশান্তি পাকানোর জন্য তিনি এসেছিলেন তাই সাধারণ মানুষ প্রতিবাদ করেছেন বিক্ষোভ দেখিয়েছেন।

Post a Comment