আগামী ২৬ তারিখ থেকে কি বন্ধ হতে চলেছে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম
দি নিউজ লায়ন; ২ দিনের জন্য ভারতে ব্লক করে দেওয়া হতে পারে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম। আসলে গত ফেব্রুয়ারিতেই সোশ্যাল মিডিয়ায় রাশ টানতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল। বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। কিন্তু আজ, মঙ্গলবারই সেই সময় শেষ হয়ে যাচ্ছে। যদি এর মধ্যে নয়া নির্দেশিকা কার্যকর করা না হয়, তাহলে ওই সোশ্যাল মিডিয়াগুলিকে ব্লক করার পথে হাঁটতে পারে কেন্দ্র।
সামাজিক মাধ্যমের অপপ্রয়োগ রুখতে এই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেটি না মানলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বলেও জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । গত ২৫ ফেব্রুয়ারি জারি হওয়া এই গাইডলাইনে সামাজিক মাধ্যমের কন্টেন্টে রাশ টানতে বলা হয়েছিল OTT প্ল্যাটফর্ম গুলির জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। প্রতিটি প্ল্যাটফর্মেই অভিযোগ নিরসন প্রক্রিয়া থাকার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যেখানে একজন ভারতীয় মুখ্য আধিকারিক নিয়োগ থাকবে।
তারা কোনও অভিযোগ পেলেই সেটির নিষ্পত্তি করবেন। এমনকি চ্যাট শো, ওয়েব সিরিজ এবং তথ্য চিত্রও এই নয়া নিয়মের গেরোয় আসবে বলেও জানানো হয়েছিল কেন্দ্রের তরফে। এই নতুন গাইডলাইন অনুসারে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তৈরি করতে হবে একটি অভিযোগ জানানোর বিভাগ। সেখানে ওটিটি প্ল্যাটফর্মের জমা পড়া অভিযোগের নিষ্পত্তি ৭২ ঘন্টার এবং আপত্তিজনক কন্টেন্টে রিপোর্ট মিললে একদিনের মধ্যে করতে হবে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে Fake News পরিবেশিত হলে, সেই ফেক নিউজের সূত্র, অর্থাৎ কে সেটি প্রথম পোস্ট করেছেন, তার পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে প্রায় তিনমাস অতিক্রম হয়ে গেলেও ফেসবুক,টুইটার এবং ইমস্টার তরফে কোনও সদুত্তর কেন্দ্রের কাছে পৌঁছয় নি। একমাত্র দেশীয় সোশ্যাল মিডিয়া সংস্থা কু (Koo) ছাড়া এপর্যন্ত অন্য কেউই সাড়া দেয়নি কেন্দ্রের প্রস্তাবে। ফলে এবার কেন্দ্রের রোষে পড়তেই পারে তারা। বিশেষজ্ঞদের মতে, ‘শাস্তি’ হিসেবেই সাময়িক ভাবে তাদের ব্লক করে দেওয়া হতে পারে।

Post a Comment