কুকুরের সন্ধান চেয়ে থানায় জিডি
মানুষ হারিয়ে গেলে বা যে কোনো সমস্যায় পড়লে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সচরাচর এমনটিই দেখা যায়। তাই বলে কুকুর হারিয়ে গেলে জিডি? শুনেছেন কখনো? এমনই এক ঘটনা ঘটেছে বরগুনায়। সেখানে একটি কুকুর হারিয়ে যাওয়ায় সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। শুধু জিডিই নয়, সন্ধান দাতাকে এক হাজার টাকা পুরস্কার দেয়ারও ঘোষণা দিয়েছেন এক যুবক। ২৫ বছর বয়সী ওই যুবকের নাম আবদুল্লাহ আল ইভান। তিনিই কুকুরটির মালিক। থাকেন জেলার তালতলী উপজেলার লালুপাড়া এলাকায়।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কুকুরের সন্ধান চেয়ে জিডিটি করেন ইভান। পুলিশও থেমে নেই, তাদেরও তো নাগরিকের প্রতি একটা দায়িত্ববোধ আছে! জিডি পেয়ে যারপরনাই কুকুরটির সন্ধানে কাজ শুরু করে দিয়েছেন! জিডি সূত্রে জানা যায়, লালুপাড়া এলাকায় মাস তিনেক আগে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন ইভান। কিন্তু হঠাৎই গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কুকুরটি হারিয়ে যায়। অনেক জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে অবেশেষ থানার দ্বারস্থ হন তিনি।
প্রিয় কুকুর হারিয়ে যাওয়া প্রসঙ্গে আবদুল্লাহ আল ইভান বলেন, ‘আমার পোষা কুকুরটি হারিয়ে যায় গত ২২ ফেব্রুয়ারি। এটির বয়স তিন মাস। গায়ের রং হলুদ-সাদা মিশ্রিত। ওজন হবে প্রায় আট কেজির ওপরে। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি।’
কেউ কুকুরটির সন্ধান দিতে পারলে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। এ বিষয়ে থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘যে কোনো পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী সাধারণ মানুষ জিডি করতে পারেন। আর পুলিশের দায়িত্ব সেটিকে খুঁজে দেওয়া। পুলিশ কুকুরটির সন্ধানে কাজ করছে।’

Post a Comment