তৃণমূলের চিকিৎসক প্রার্থীর উদ্যোগে বালিতে করোনা সচেতনতা কর্মসূচি
দি নিউজ লায়নঃ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে হাওড়ার বালি নিমতলায় জি টি রোডে পথচলতি মানুষ এবং গাড়ি চালকদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করেন তিনি। রানা চট্টোপাধ্যায় বলেন, মাদ্রাজ হাইকোর্টের গতকালের রায়কে স্বাগত জানাচ্ছি। বাংলায় এতগুলো দফায় নির্বাচন করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মানুষ করোনা নিয়ে আগের থেকে এখন অনেক বেশি সচেতন হয়েছেন। এখনও যারা সচেতন নন তাদের জন্যই এই কর্মসূচি। আশা করছি আমরা করোনা যুদ্ধে জিতব।
তিনি বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতিতে আট দফায় নির্বাচন এটা অবৈজ্ঞানিক। এবং এর নিন্দা করছি। করোনার দ্বিতীয় ঢেউ আসার সম্ভবনা ছিল বিজ্ঞানীরা বলেছিলেন এবং এসেছে। এই ঢেউ প্রথমবারের মতো দীর্ঘস্থায়ী হবে না। আমরা যদি কিছুদিন সচেতন থাকতে পারি তাহলেই এই ঢেউ চলে যাবে। আমরা করোনাকে হারাব। সেইজন্য আমরা আজ সকাল থেকে প্রচার করেছি। পথে নেমে মানুষকে সচেতন করা হচ্ছে। সকলকে মাস্ক, স্যানিটাইজার বিলি করা হয়েছে। যাদের প্রয়োজন তাঁরা সামাজিক দূরত্ব মেনে তা নিয়ে যাচ্ছেন। এটা মনে হচ্ছে মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়েছে। আমি নিশ্চিৎ আমরা জিতব। করোনা হারবে। মাদ্রাজ হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন তাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। মানুষের জীবন আগে।
রাজনীতি পরে। কিন্তু আমরা নির্বাচন কমিশনের যা সিদ্ধান্ত নিয়েছে দেখলাম সেটা মানুষের জীবন বাঁচানোর জন্য নয়, সেখানে রাজনৈতিক উদ্দেশ্যই যেন বেশি করে। আমি ভারতীয় নাগরিক হিসেবে হতাশ। সেই কারণে মাদ্রাজ হাইকোর্টের রায় সম্পূর্ণ সমর্থন করছি। আমার ধারনা এবার নির্বাচন কমিশনের চোখ খোলা উচিৎ। যদিও ৭ সফা নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের দফা কমানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। এটা হলে জনসমাগম কমানো যেত, প্রচারও অনেক কমানো যেত। কিন্তু সেইসব বলার পরও অনেক বড় বড় প্রচার হয়েছে, বহু মানুষের সমাগম হয়েছে।

Post a Comment